
২ নভেম্বর মানেই মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডে তিল ধারণের জায়গা থাকে না। ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজলেই মান্নাতের ব্যালকনিতে এসে দাঁড়াবেন বলিউডের বাদশা, আইকনিক পোজে দু’হাত ছড়াবেন, আর তাঁকে এক ঝলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার প্রহর গোনেন হাজার হাজার অনুরাগী। এটাই তো এত বছরের চেনা রীতি! কিন্তু ৬১তম জন্মদিনে সেই চেনা ছবিটা দেখা গেল না। এই বছর ব্যালকনিতে এলেন না শাহরুখ খান। মন খারাপ করে কি তবে বাড়ি ফিরলেন ভক্তরা? একেবারেই না! শাহরুখ বলে কথা, তিনি কি কখনও নিজের অনুরাগীদের নিরাশ করতে পারেন? দেখা না দিলেও, ভক্তদের জন্য একগুচ্ছ স্পেশাল উপহারের বন্দোবস্ত করে রেখেছিলেন কিং খান।
কাজের সূত্রে দেশের থাকার কারণে এই বছর ব্যালকনি-দর্শন থেকে বিরত থেকেছেন অভিনেতা। কিন্তু তাঁর বাড়ির বাইরে অপেক্ষায় থাকা অসংখ্য মানুষের জন্য ছিল শাহরুখের নিজের হাতে লেখা একটি আবেগঘন চিঠি। মান্নাতের বাইরের বিশাল স্ক্রিনে সেই চিঠির বয়ান ফুটে ওঠে, যেখানে তিনি লিখেছেন, “আপনাদের সমস্ত শুভেচ্ছা আর ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার তরফ থেকেও আপনাদের অনেক ভালোবাসা পাঠালাম। অনেক ভালোবাসা আর একটা বড় আলিঙ্গন।”
তবে চমক এখানেই শেষ নয়। মান্নাতের গোটা খোলনলচেই বদলে গিয়েছিল। শাহরুখের আসন্ন ছবি ‘কিং’-এর বড় বড় পোস্টার আর ব্যানারে সেজে উঠেছিল মান্নাত। স্ক্রিনে ভেসে উঠছিল ছবির ফাটাফাটি সব সংলাপ, “কিং একেলা কাফি হ্যায়” এবং “ডর নহি, দহশত হুঁ”।
শুধু মান্নাত নয়, বাদশার জন্মদিনে সেজে উঠেছিল মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কও। নিজের এক্স (X) হ্যান্ডেলে সেই চোখধাঁধানো সি লিঙ্কের ছবি পোস্ট করে তিনি লেখেন, “কিং-সাইজ ভালোবাসার জন্য ধন্যবাদ।” গুগল জেমিনির সৌজন্যেই সি লিঙ্কে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল বলে তিনি জানান।
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও বাদশার জন্মদিনের উন্মাদনা চোখে পড়ার মতো। প্রতি বছরের মতো এবারও কিং খানের জন্মদিনে সেজে উঠেছিল দুবাইয়ের বুর্জ খলিফা। ২ নভেম্বর বিশ্বের এই উচ্চতম ইমারতে শাহরুখের বিশাল ছবির পাশাপাশি ফুটে ওঠে একটি মিষ্টি বার্তাও, ‘উই লাভ ইউ এসআরকে’ (WE LOVE YOU SRK)। তবে এই দৃশ্য অনুরাগীদের কাছে খুব একটা নতুন নয়। এর আগেও বহুবার শাহরুখের জন্মদিনে এভাবেই সেজে উঠেছে বুর্জ খলিফা। কখনও দুবাই ফাউন্টেন শো-তে শাহরুখের ‘ওম শান্তি ওম’ বা ‘ডিডিএলজে’-র মতো সুপারহিট ছবির গান বেজেছে, আবার কখনও আলোয় সেজেছে গোটা ইমারত। সব মিলিয়ে, মান্নাতের ব্যালকনিতে দেখা না দিলেও, গোটা বিশ্বজুড়েই যে শাহরুখের জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশন অব্যাহত, তা আর বলার অপেক্ষা রাখে না।
শাহরুখ ভক্তদের জন্য সেরা উপহারটি আসে মধ্যরাতে। জন্মদিনের রাতেই মুক্তি পেয়েছে ‘কিং’ ছবির প্রথম গান ‘তু মিল যায়ে’। এই গানে আবারও একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন শাহরুখ আর দীপিকা পাডুকোন। অরিজিৎ সিংয়ের জাদুকরী কণ্ঠের সঙ্গে এই গানে রয়েছে এড শিরানের র্যাপ। সব মিলিয়ে, সশরীরে দেখা না দিলেও, নিজের ৬১তম জন্মদিনে অনুরাগীদের সেলিব্রেশনে কোনও খামতি রাখেননি বাদশা।