
শাহরুখ খান (Shah Rukh Khan) এবং ২ নভেম্বর, এই দুটো বিষয় জুড়ে গেলেই চোখের সামনে ভেসে ওঠে মন্নতের বাইরের চেনা ছবি। ব্যারিকেড, উপচে পড়া ভিড়, আর সবার নজর ব্যালকনির দিকে। কখন আসবেন বাদশা, আর দু’হাত ছড়িয়ে সেই আইকনিক পোজ দেবেন! কিন্তু এবার ৬১তম জন্মদিনে সেই চেনা ছবি একেবারে বদলে গিয়েছে। কারণ, মন্নতের সামনে বসেছে এক বিশাল স্ক্রিন! আর এই স্ক্রিন ঘিরেই বলিপাড়ায় এখন জল্পনা তুঙ্গে।
মন্নতে এখন জোরকদমে সংস্কারের কাজ চলছে। তাই কিং খান সপরিবারে সাময়িকভাবে বান্দ্রার পালি হিলসের এক বিলাসবহুল ডুপ্লেক্সে উঠে গিয়েছেন। তবে ভক্তদের নজর কেড়েছে মন্নতের বাইরের বিশাল পর্দা। মনে করা হচ্ছে, ২ নভেম্বর ওই স্ক্রিনেই বাদশা তাঁর আগামী মেগা প্রজেক্ট ‘কিং’-এর বড়সড় কোনও চমক দিতে চলেছেন। ভ্যারাইটি ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, জন্মদিনের দিনই ‘কিং’ ছবির প্রথম গান রিলিজ হতে পারে। শোনা যাচ্ছে, গানটি গেয়েছেন অরিজিৎ সিং। পরিচালক সিদ্ধার্থ আনন্দ এক্স হ্যান্ডেলে বেশ কিছু রহস্যময় পোস্ট করেছেন, যা এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। ট্রেলার হয়তো আসবে আরও কিছুটা পরে।
তবে এত বড় আয়োজনের মাঝেও রয়েছে এক বিরাট টুইস্ট। বিশাল স্ক্রিন থাকলেও, জন্মদিনে সেখানে থাকছেন না স্বয়ং কিং খান! সূত্রের খবর, এবছর তিনি দেশেই থাকছেন না। ‘কিং’ ছবির একটি বিশেষ গানের শুটিংয়ের জন্য তিনি সোজা লন্ডন উড়ে যাচ্ছেন। দিন কয়েক আগেই মুম্বইয়ের একটি স্টুডিওতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে এক গ্র্যান্ড গানের শুট শেষ করেছেন তিনি। এবার বিদেশের পালা।
গত দু’বছর ধরে মন্নতের ব্যালকনিতে দেখা যায়নি তাঁকে। তবে বান্দ্রার বাল গন্ধর্ব রঙ্গ মন্দিরে ভক্তদের সঙ্গে স্পেশাল আড্ডা দিয়েছিলেন তিনি। সেখানে সংবাদমাধ্যমের প্রবেশ নিষেধ ছিল, পুরোটাই ছিল ভক্তদের জন্য। কিন্তু এবার কাজের প্রতি মারাত্মক ডেডিকেশনের জন্য জন্মদিনে ফ্যানদের সঙ্গে চেনা মিট-অ্যান্ড-গ্রিট বাতিল করতে বাধ্য হয়েছেন শাহরুখ।
তবে মন খারাপ করার কোনও কারণ নেই। আগামী ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘কিং’। সূত্রের খবর, ছবি মুক্তির ঠিক আগেই ভক্তদের জন্য এক মেগা ইভেন্টের আয়োজন করবেন বাদশা। ‘ডানকি’ ও ‘পাঠান’-এর পর এই মেগা প্রজেক্ট ঘিরে উত্তেজনা তুঙ্গে। এই ছবিতে প্রথমবার বাবা ও মেয়েকে একসঙ্গে দেখা যাবে। ২০২৩ সালে ‘দ্য আর্চিজ’ দিয়ে সুহানা খানের হাতেখড়ি হলেও, বড় পর্দায় এটাই তাঁর প্রথম কাজ। শাহরুখ ও সুহানা ছাড়াও ছবিতে রয়েছেন করিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, আরশাদ ওয়ার্সি এবং রাঘব জুয়াল। জন্মদিনে বাদশার দেখা না মিললেও, মন্নতের স্ক্রিন যে বড় চমক দিতে চলেছে, তা বলাই যায়।