
বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা শিল্পা রাও (Shilpa Rao)। কিন্তু মুম্বইয়ের এক জমকালো লাইভ কনসার্টে গিয়ে যে তাঁকে এমন চূড়ান্ত অপমানের মুখে পড়তে হবে, তা হয়তো কেউ ভাবেননি। গত ২৪ অক্টোবর মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেন্সে বসেছিল ‘বলিউড মিউজিক প্রজেক্ট ২০২৬’-এর আসর। সেখানেই গান শেষ হওয়ার আগেই হঠাৎ করে শিল্পার মাইক বন্ধ করে দেওয়া হয়। অথচ একই অনুষ্ঠানে হিমেশ রেশমিয়া তাঁর জন্য বরাদ্দ সময়ের চেয়েও বেশি সময় ধরে পারফর্ম করেছেন বলে জানা গিয়েছে।
কী ঘটেছে?
অনুষ্ঠানে শিল্পার গান গাওয়ার কথা ছিল সন্ধে ৭টা ৪৫ মিনিট থেকে ৮টা ১৫ মিনিট পর্যন্ত। কিন্তু অনুষ্ঠান দেরি করে শুরু হওয়ায় তিনি স্টেজে ওঠেন সাড়ে ৮টায়। ‘আনওয়ার’ ছবির ‘তোসে নয়না লাগে’ দিয়ে পারফরম্যান্স শুরু করেন তিনি। কিন্তু সেই গান শেষ হতে না হতেই মাইক খারাপ হয়ে যায়। তবে দমে যাননি গায়িকা। দর্শকদের উচ্ছ্বাস দেখে তিনি বলে ওঠেন, “মাইকের দরকার নেই, দর্শকরাই আসল কণ্ঠস্বর!” এরপর ‘তেরে হাওয়ালে’, ‘খুদা জানে’-র মতো একের পর এক হিট গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।
সব ঠিকঠাকই চলছিল। কিন্তু ‘দেবারা’ ছবির সুপারহিট গান ‘চুট্টামল্লে’ গাওয়ার পরেই ঘটে বিপত্তি। আচমকা শিল্পার মাইক ও স্টেজের মূল আলো নিভিয়ে দেওয়া হয়। তিনি তখনও স্টেজে দাঁড়িয়ে রয়েছেন, আর ঠিক সেই সময়েই পাশের আরেকটি স্টেজে গায়ক কুটলে খান তাঁর পারফরম্যান্স শুরু করে দেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট স্টেজের ওপরই দাঁড়িয়ে থাকেন গায়িকা। এই ঘটনায় দর্শকরা হতবাক হয়ে যান এবং শিল্পার নাম ধরে চিৎকার করতে শুরু করেন।
দর্শকদের চাপে বাধ্য হয়ে আয়োজকরা কিছুক্ষণের জন্য গায়িকার মাইক ফের চালু করেন। সেই সুযোগে অন্য স্টেজে গান গাইতে থাকা শিল্পীর উদ্দেশে তিনি বলেন, “কুটলে জি, এক লাইন বলেই বেরিয়ে যাব, ঠিক আছে? আপনি খুব ভালো গাইছেন।” এরপর দর্শকদের উদ্দেশে তাঁর গলায় ঝরে পড়ে হতাশা। তিনি বলেন, “শুধু বিদায় জানাতে চেয়েছিলাম। সেটা না বলে যেতে পারি না। কিন্তু ওরা আর গাইতে দিচ্ছে না।” এই কথা শোনার পরেই আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সেখানে উপস্থিত দর্শকরা।
এই তিক্ত অভিজ্ঞতার পর সোশাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন শিল্পী। সেখানে তিনি জানিয়েছেন যে, এই ঘটনায় তাঁর হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। সুন্দর একটি মুহূর্ত হঠাৎ করে কেড়ে নেওয়ায় তিনি গভীরভাবে আহত। তবে গান বন্ধ হয়ে যাওয়ার পরও দর্শকরা যেভাবে সমর্থন করেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। দর্শকদের এই অটুট ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি কথা দিয়েছেন যে তিনি আবারও ফিরে আসবেন।