
ভাবুন তো একবার, পাহাড়ের ওপর দাঁড়িয়ে আট বছরের এক পুঁচকে মেয়ে তাঁর খেলার সঙ্গীকে সটান ‘আই লাভ ইউ’ বলে দিচ্ছে! শুনতে কোনও সিনেমার স্ক্রিপ্ট মনে হলেও, ঠিক এই কাণ্ডটাই ঘটিয়েছিলেন শ্রদ্ধা কাপুর। আর যাকে এই প্রস্তাব দিয়েছিলেন, তিনি আর কেউ নন বহু মহিলার হার্টথ্রব বরুণ ধাওয়ান। যদিও সেই মিষ্টি প্রেমের প্রস্তাবে কোনও হ্যাপি এন্ডিং ছিল না, বরং বরুণের সেই সময়ের প্রতিক্রিয়া শুনে আজও হেসে গড়াগড়ি খান শ্রদ্ধা।
ঘটনাটি যখন ঘটেছিল শ্রদ্ধা এবং বরুণ দুজনেই খুব ছোট। তাঁদের বাবা শক্তি কাপুর এবং ডেভিড ধাওয়ান একটি ছবির শুটিং করছিলেন। বাবার সঙ্গে শুটিং সেটে ঘুরতে গিয়েই বরুণের ওপর এক অদ্ভুত ‘ক্রাশ’ তৈরি হয়েছিল ছোট্ট শ্রদ্ধার। খেলতে খেলতেই তিনি ঠিক করেন মনের কথাটি বরুণকে জানিয়ে দেবেন। তবে সোজাসুজি নয়, একটু কায়দা করে। পাহাড়ের ওপর খেলা করার সময় তিনি বরুণকে বলেন, “আমি তোমাকে একটা কথা উল্টো করে বলব, তোমাকে সেটা বুঝে নিতে হবে।” এরপর তিনি বলেন, “You Love I”। একটু বুদ্ধি খাটালেই বোঝা যায় এর মানে দাঁড়ায়— “I Love You”।
শ্রদ্ধার এই ‘কোড ল্যাঙ্গুয়েজ’ শুনে বরুণের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। কোনো রোমান্টিক জবাব দেওয়া তো দূর থাক, প্রবল লজ্জায় আট বছরের বরুণ চিৎকার করে বলে ওঠেন, “আমি মেয়েদের একদম পছন্দ করি না!” ব্যাস, এই বলেই পাহাড়ের চড়াই-উতরাই বেয়ে এক ছুট্টে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। সেই দিনের সেই ‘রিজেকশন’ আজও ভুলতে পারেননি শ্রদ্ধা। তবে আজ দুজনেই বলিউডের প্রথম সারির তারকা এবং একে অপরের খুব ভালো বন্ধু। ‘এবিসিডি ২’ (ABCD 2) এবং ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ (Street Dancer 3D)-র মতো ছবিতে তাঁদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের বারবার মুগ্ধ করেছে। এমনকি ২০২৪-এর ব্লকবাস্টার ছবি ‘স্ত্রী ২’-তেও বরুণ ধাওয়ানের ক্যামিও উপস্থিতি নজর কেড়েছে।
বর্তমানে শ্রদ্ধা কাপুর তাঁর আগামী ছবি ‘ইথা’ (Eetha)-র শুটিংয়ে ব্যস্ত। সেখানে তাঁকে রণদীপ হুডার বিপরীতে দেখা যাবে। ১৯৪০ থেকে ১৯৯০ সালের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে এক শিল্পীর চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্যদিকে, বরুণ ধাওয়ানকে শেষ দেখা গিয়েছে ‘বর্ডার ২’ ছবিতে। তাঁর হাতে রয়েছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। শৈশবের সেই অবুঝ প্রস্তাব হয়তো সফল হয়নি, কিন্তু তাঁদের বন্ধুত্ব আজও অটুট।