মহা বিপাকে ‘রাঙাবউ’ শ্রুতি দাস, মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় সতর্ক করলেন অভিনেত্রী
Shruti Das: টলিপাড়ায় দুই শ্রুতি দাস। তাতেই সমস্যা বাড়ছে। ছবিতে যিনি অভিনয় করেছেন, তিনিও শ্রুতি দাস। যাঁকে সকলে বাদামি হায়নার কবলে, এক্স = প্রেম, ইত্যাদি ছবি বা সিরিজে দেখা গিয়েছে। এবার এই নাম বিভ্রাটেই বাড়ছে জটিলতা।

বেজায় বিপত্তিতে অভিনেত্রী শ্রুতি দাস। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেত্রী এবার কী নিয়ে প্রতিবাদে মুখ খুললেন? সমস্যা বেশ গভীর। কথা হচ্ছে রাঙাবউ ধারাবাহিকের শ্রুতি দাসকে নিয়ে। কেউ কি ভেবে বসলেন টলিপাড়ার ওপর শ্রুতি দাসকে নিয়ে এই প্রতিবেদন? সমস্যা ঠিক সেখানেই। টলিপাড়ায় দুই শ্রুতি দাস। তাতেই সমস্যা বাড়ছে। ছবিতে যিনি অভিনয় করেছেন, তিনিও শ্রুতি দাস। যাঁকে সকলে বাদামি হায়নার কবলে, এক্স = প্রেম, ইত্যাদি ছবি বা সিরিজে দেখা গিয়েছে। এবার এই নাম বিভ্রাটেই বাড়ছে জটিলতা।
তা নিয়েই মুখ খুললেন শ্রুতি। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আমার নামে, মানে শ্রুতি দাস নামে বাংলায় আরও একজন অভিনেত্রী আছেন যিনি মূলত ছবি, সিরিজ করেন। ওঁর ছবি রিলিজ হওয়ার সময় আমার কাছে সব পোস্টের ট্যাগ আসে, শুভেচ্ছাবার্তা আসে, রিপোর্টারদের ফোন মেসেজ আসে। এক্স=প্রেমের সময়ও এক জিনিস হয়েছিল,বাদামী হায়নার কবলের সময়ও এক। এবার জুলি নামক ওয়েব সিরিজের ক্ষেত্রেও এক। আমিও চাই একের পর এরকম ছবি, সিরিজের আপডেট দিতে কিন্তু আমি যতক্ষণ না সেটা দিচ্ছি দয়া করে আপনারা আর আমায় এর মধ্যে জড়াবেন না না জেনেশুনে।’
এখানেই থামেননি তিনি, শ্রুতি আরও লেখেন, ‘এবার দেখুন আমি তো আর আমার নাম বদলাতে পারবো না এই সমস্যার জন্য। ছদ্মনাম ব্যবহার করার মতো বড়ো মাপেরও কেউ নই তাই এই বিষয়গুলো খুব অদ্ভুত লাগে। আমি শ্রুতি দাসই থাকবো। দরকারে যাচাই করে নেবেন সেই শ্রুতি দাস সমাদ্দার কিনা! এটা একটু খেটে জেনে নেবেন প্লিজ।’
