Sohini Paul: ‘সোহিনী জীবনে কী করেছে?’ নন্দিনীর কটাক্ষে এবার মুখ খুললেন তাপস পালের স্ত্রী, কী বললেন আরেক নন্দিনী?

Sohini Paul's Mother on Nandini's comment: সম্প্রতি ঘরের অন্দরে তর্কাতর্কির সময় প্রতিযোগী নন্দিনীকে উদ্দেশ্য করে সোহিনী বলে বসেন, "তুমি একটা 'স্নব', বাইরের দুনিয়ায় থাকলে তোমার সঙ্গে দুটো কথাও বলতাম না।" এর পালটা জবাবে সোচ্চার হয়ে নন্দিনী প্রশ্ন তোলেন, "সোহিনীর নিজের কী পরিচয়? ও এমন কী কাজ করেছে?"

Sohini Paul: সোহিনী জীবনে কী করেছে? নন্দিনীর কটাক্ষে এবার মুখ খুললেন তাপস পালের স্ত্রী, কী বললেন আরেক নন্দিনী?

|

Sep 26, 2026 | 3:39 PM

রিয়্যালিটি শোর অন্যতম কঠিন মঞ্চ ‘বিগ বস’। অচেনা-অজানা মানুষের সঙ্গে এক ছাদের তলায় দীর্ঘ দিন বন্দি জীবন কাটানো আর প্রতিটি পদে নিজেদের টিকিয়ে রাখার লড়াই—সব মিলিয়ে এই ঘর কারও মেক ওভার করে, তো কারও ইমেজে নিমেষে দাগ ফেলে দেয়। চলতি সিজনে ‘বিগ বস বাংলা’-র অন্যতম চর্চিত মুখ প্রয়াত দিকপাল অভিনেতা তাপস পালের কন্যা সোহিনী পাল। তবে বিগ বসের ঘরে পা রাখার পর থেকেই একের পর এক ট্রোলিং ও কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাঁকে।

কখনও একই পোশাক বারবার পরা নিয়ে কটাক্ষ, তো কখনও অন্য প্রতিযোগীদের মুখ থেকে শুনতে হয়েছে—“বাবার খ্যাতির জোরেই ও এই শো-তে আসতে পেরেছে!” সম্প্রতি ঘরের অন্দরে তর্কাতর্কির সময় প্রতিযোগী নন্দিনীকে উদ্দেশ্য করে সোহিনী বলে বসেন, “তুমি একটা ‘স্নব’, বাইরের দুনিয়ায় থাকলে তোমার সঙ্গে দুটো কথাও বলতাম না।” এর পালটা জবাবে সোচ্চার হয়ে নন্দিনী প্রশ্ন তোলেন, “সোহিনীর নিজের কী পরিচয়? ও এমন কী কাজ করেছে?”

মেয়ের কাজের পরিচয় নিয়ে ঘরের ভেতরে প্রশ্ন উঠতেই এবার আর চুপ থাকতে পারলেন না সোহিনী পালের মা তথা তাপস-জায়া নন্দিনী পাল। মেয়ের শিক্ষাগত যোগ্যতা ও নিজস্ব কেরিয়ারের দীর্ঘ খতিয়ান সামনে এনে সপাট জবাব দিলেন তিনি।

নন্দিনী পাল স্পষ্ট জানান, অভিনয় সোহিনীর রুটিরুজি বা একমাত্র পেশা নয়, ওটা স্রেফ তাঁর ভালোবাসা ও নেশা। বাস্তব জীবনে সোহিনী অত্যন্ত উচ্চশিক্ষিত ও পেশাদার একজন মানুষ। দেশের নামজাদা ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে ‘হিউম্যান রিসোর্স’ (HR) নিয়ে পড়াশোনা শেষ করে কর্পোরেট সংস্থায় চাকরিও করেছেন তিনি।

অভিনয় জগতে আসা নিয়ে সোহিনীর মায়ের বক্তব্য, কৌশিক গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত কিংবা সৃজিত মুখোপাধ্যায়ের মতো প্রথম সারির পরিচালকদের কাজ করেছেন সোহিনী। তবে সেটা শুধুই ‘স্টার কিড’ হওয়ার সুবাদে নয়। অনুপম খেরের বিখ্যাত অ্যাক্টিং স্কুল থেকে রীতিমতো প্রথাগত প্রশিক্ষণ নিয়েই অভিনয় জগতে পা রেখেছেন তিনি। যাঁরা বারবার সোহিনীর সুযোগ পাওয়ার পেছনে তাপস পালের নাম টেনে আনছেন, তাঁদের উদ্দেশ্যে প্রবীণ এই অভিনেত্রীর বক্তব্য, “সোহিনী তো নিজের ইচ্ছায় এত বড় একজন তারকার ঘরে জন্মায়নি। কিন্তু ও নিজের পথটা নিজের যোগ্যতায় তৈরি করেছে।”

পর্দায় অভিনয় কিংবা কর্পোরেট চাকরির বাইরেও সোহিনীর বহুমুখী প্রতিভার কথা তুলে ধরেন তাঁর মা। তিনি জানান, সোহিনী সোলো ট্রাভেলার—একা একাই ব্যাকপ্যাক নিয়ে ঘুরতে ভালোবাসেন। নিয়মিত ট্রেকিং করেন, শরীরচর্চা ও ম্যারাথনের জন্য নিজেকে প্রস্তুত করেন এবং নতুন নতুন ভাষা শেখার শখ রয়েছে তাঁর। বইপাগল এই মানুষটির মন পড়ে থাকে রাস্তার অবলা জীবজন্তু, পথশিশু ও প্রবীণদের সেবায়।

মেয়ের সহনশীলতার প্রশংসা করে নন্দিনী পাল বলেন, “জীবন যখনই সোহিনীকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে, ও বারবার উঠে দাঁড়িয়েছে। আসলে পেশাগত সাফল্য আর একজন মানুষের চারিত্রিক গুণাবলী—দুটো সম্পূর্ণ আলাদা জিনিস।”

তবে সোহিনীর মায়ের এই মন্তব্যের পরও কটাক্ষ থামেনি সোশাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশের মতে, বিগ বসের ঘরে নন্দিনীকে প্রথম অপমান সোহিনীই করেছিলেন, তাই পালটা জবাব তো তাঁকে হজম করতেই হবে। অবশ্য অনুগামীদের অনেকেই সোহিনীর পাশে দাঁড়িয়েছেন।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us