
সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha) একটা অভিযোগ। আর তাতেই রীতিমতো শোরগোল নেটপাড়ায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর আপত্তিকর কিছু ছবি, যা পুরোপুরি বিকৃত বা মর্ফড। কে করল এমন কাজ? অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। তদন্তে নেমে দিল্লি থেকে হাতেনাতে এক যুবককে গ্রেফতারও করে তারা। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল আদালতে। বিচারকের সামনে পেশ করতেই সোজা মুক্তি পেয়ে গেল অভিযুক্ত! পুলিশের জালে ধরা পড়েও ঠিক কীভাবে পার পেয়ে গেল সে?
দিনকয়েক আগেই বান্দ্রা থানায় কড়া অভিযোগ জানিয়েছিলেন সোনাক্ষী। তাঁর বক্তব্য ছিল, ইচ্ছাকৃতভাবে তাঁর মুখ বসানো ভুয়ো এবং অশ্লীল ছবি নেটমাধ্যমে ছড়ানো হচ্ছে। এর পিছনে দিল্লির এক যুবকের হাত রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি। সেই খবরের সূত্র ধরেই দিল্লির শাহদরার জগতপুরী থানা এলাকা থেকে আর্যন দীপক জৈন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে তাকে ধরে আনা হয় মুম্বইয়ে।
মুম্বইয়ে এনেই আর্যনকে বান্দ্রা আদালতে তোলে পুলিশ। বিচারকের কাছে চাওয়া হয় তিন দিনের পুলিশি হেফাজত। পুলিশের যুক্তি ছিল, যে ডিভাইস থেকে ওই ছবিগুলো বানানো হয়েছে, সেটা উদ্ধার করা খুব জরুরি। কিন্তু এই আবেদনে সোজাসুজি জল ঢেলে দেন বিচারক। পুলিশের আর্জি তো খারিজ হয়ই, উল্টে অভিযুক্তকে তৎক্ষণাৎ মুক্তির নির্দেশ দেওয়া হয়।
কিন্তু হঠাৎ কেন এই নির্দেশ?
আসলে পুরো ভুলটাই ছিল পুলিশের। দেশের আইন বলছে, ভিন রাজ্য থেকে কাউকে গ্রেফতার করলে প্রথমে তাকে সেখানকার স্থানীয় আদালতে পেশ করতে হয়। আইনি পরিভাষায় একে বলে ‘ট্রানজিট রিমান্ড’। কিন্তু মুম্বই পুলিশ সেই নিয়মের তোয়াক্কাই করেনি। তারা দিল্লি থেকে অভিযুক্তকে ধরে সোজা বান্দ্রায় নিয়ে আসে।
আদালতে যুবকের আইনজীবীরা জানান, আর্যনকে গ্রেফতারের কোনও সঠিক কারণ দেখানো হয়নি। দেওয়া হয়নি কোনও আগাম নোটিশও। তাঁদের দাবি, অভিযোগকারী একজন নামজাদা তারকা। আর সেই চাপেই পুলিশ এতটা তাড়াহুড়ো করে ফেলেছে। অন্যদিকে অভিযুক্ত আর্যনের দাবি, সে এমন কোনও কাজই করেনি।
দু’পক্ষের কথা শুনে আদালত পুলিশকে কড়া ভাষায় বুঝিয়ে দেয়, তদন্তের নামে আইনি নিয়ম ভাঙা চলবে না। এই ধরনের অপরাধে সর্বোচ্চ সাত বছরের জেল হতে পারে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে নিয়ম না মেনে কাউকে আটকে রাখা যাবে। পুলিশের এই তাড়াহুড়োর জেরেই শেষ পর্যন্ত আইনের ফাঁক গলে মুক্তি পেয়ে গিয়েছে অভিযুক্ত।