
দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ একপাশে, আর বিনিদ্র রজনীর ক্লান্তি অন্যপাশে! বলিউডের ‘ফ্যাশনিস্তা’ সোনম কাপুর এখন মাতৃত্বের দ্বিতীয় ইনিংস চুটিয়ে উপভোগ করছেন। গত ২৯ মার্চ দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। তবে গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য সরিয়ে রেখে এবার একেবারে ‘রিয়েল’ অবতারে ধরা দিলেন অভিনেত্রী। সদ্যোজাতকে কোলে নিয়ে সোনমের শেয়ার করা একটি ছবি এখন নেটপাড়ার হট টপিক। কেমন আছেন অভিনেত্রী?
সাধারণত সোনম কাপুরকে সকলে মেকআপ আর দামী পোশাকেই দেখতে অভ্যস্ত। কিন্তু মা হওয়ার পর একজন মহিলার জীবন যে কতটা বদলে যায়, তা অকপটে স্বীকার করে নিলেন অনিল-কন্যা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন সোনম, যেখানে দেখা যাচ্ছে কাঁধের ওপর ছোট্ট ছেলেকে নিয়ে পোজ দিয়েছেন তিনি। কোনও মেকআপ নেই, বরং মাতৃত্বের ধকল স্পষ্ট মুখে। ছবির ক্যাপশনে মজার ছলে লিখেছেন, “ডার্ক সার্কেল জিন্দাবাদ!” অর্থাৎ রাতের পর রাত না ঘুমিয়ে চোখের নিচে যে কালি পড়েছে, সেটাকে লুকোনোর কোনো চেষ্টাই তিনি করেননি। বরং এই ‘আনফিল্টার্ড’ লুকের মাধ্যমেই কোটি কোটি মায়েদের মনের কথা বলে দিয়েছেন অভিনেত্রী।
সোনম ও আনন্দ আহুজা তাঁদের দ্বিতীয় সন্তানের খবরটি সোশ্যাল মিডিয়ায় বেশ আবেগঘনভাবে শেয়ার করেছেন। তাঁরা জানিয়েছেন, ২৯ মার্চ তাঁদের ঘর আলো করে এসেছে নতুন সদস্য। বড় ছেলে বায়ু এখন দাদা হয়েছে। সোনম লিখেছেন, “আমাদের পরিবার বড় হল, আর সেই সঙ্গে আমাদের হৃদয়টাও ভালোবাসায় ভরে গিয়েছে। বায়ু ওর ছোট ভাইকে পেয়ে দারুণ খুশি।” প্রসঙ্গত, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সোনম। ২০২২ সালে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান বায়ুর।
মা হওয়ার জন্য অভিনয় থেকে বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন সোনম। দীর্ঘ ৬ বছর পর ২০২৩ সালে ‘ব্লাইন্ড’ সিনেমার মাধ্যমে পর্দায় ফেরেন তিনি। তবে ভক্তদের জন্য সুখবর হল, খুব শীঘ্রই তাঁকে ‘ব্যাটল ফর বিট্টিরা’ সিনেমায় দেখা যাবে। আপাতত কাজ সরিয়ে রেখে জীবনের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছেন তিনি।