Bigg Boss Bangla: ‘বাবুসোনা’-র জন্য মনখারাপ রাজবীরের! ‘দূরত্ব থাকলে প্রেম…’, কী টিপস দিলেন সৌরভ?

Rajbir-Nandini: বিগ বসের ঘরে আলোর রোশনাই, কিন্তু রাজবীরের মন জুড়ে শুধুই অন্ধকার। নন্দিনীকে ছাড়া বিগ বস বাংলায় বড্ড একা তিনি। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক দারুণ পরামর্শে অবশেষে হাসি ফুটল রাজবীরের মুখে।

Bigg Boss Bangla: বাবুসোনা-র জন্য মনখারাপ রাজবীরের! দূরত্ব থাকলে প্রেম..., কী টিপস দিলেন সৌরভ?
কী বলেছেন সৌরভ?

Nov 09, 2026 | 8:36 AM

বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে চারদিকে এখন দীপাবলির আলোর রোশনাই। সবাই যখন উৎসবে মেতে, তখন একজনের দুনিয়ায় যেন শুধুই অন্ধকার। রাজবীর (Rajbir) এখন বড্ড একা! তাঁর মন পড়ে আছে শুধু সেই নন্দিনীর (Nandini) কাছেই।

নিয়ম ভেঙে গায়ে হাত তোলার মারাত্মক অভিযোগ উঠেছিল নন্দিনীর বিরুদ্ধে। সেই কারণেই তাঁকে বিগ বসের ঘর থেকে চিরতরে বিদায় নিতে হয়েছে। আর ঠিক তারপর থেকেই রাজবীরের মুখে আর কোনও হাসি নেই। আগের মতো বাড়ির কারও সঙ্গে দুষ্টুমি করতেও দেখা যাচ্ছে না তাঁকে। বরং উৎসবের দিনেও অনেকটা সময় তিনি একাই কাটাচ্ছেন।

সব প্রতিযোগীর জন্যই দীপাবলি উপলক্ষে স্পেশাল উপহার পাঠিয়েছিল বিগ বস। সুন্দর বাক্স, ভিতরে লোভনীয় সব চকোলেট। বাকিরা যখন এই উপহার পেয়ে আনন্দে মেতে উঠেছেন, রাজবীরের মন তখন অন্য কোথাও। তিনি নিজের উপহারটি হাতে তো নিলেন, কিন্তু সেটি নিজের জন্য রাখলেন না। সোজা চলে গেলেন স্টোর রুমে। উপহারের বাক্সের গায়ে বড় বড় করে লিখলেন, ‘প্রিয় বাবুসোনা’। অর্থাৎ, বিগ বসের দেওয়া উপহারটাও তিনি নন্দিনীর সঙ্গেই ভাগ করে নিতে চাইলেন। তাঁর এই ছোট্ট কাজ বুঝিয়ে দিল, চোখের আড়াল হলেও মনের টান একটুও কমেনি।

শনিবারের ‘দাদার দরবার’ পর্বে এই বিষয়টি নজর এড়ায়নি সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। রাজবীরের এমন মনমরা চেহারা দেখে তাঁর মোটেও ভাল লাগেনি। তাই একদম বড় দাদার মতোই আসরে নামলেন তিনি। দিলেন এক মোক্ষম প্রেমের টিপস! রাজবীরকে হাসাতে সৌরভ বলেন, “শোনো রাজবীর, একটু দূরত্ব থাকা বেশ ভালো। দু’জন ভালোবাসার মানুষের মধ্যে দূরত্ব থাকলে ভালোবাসা আরও বাড়ে।”

ব্যাস, দাদার এই এক কথাতেই ম্যাজিক! নিমেষের মধ্যে রাজবীরের মুখে ফুটে উঠল সেই চেনা হাসি। মাথা নেড়ে দাদার এই ‘দুরন্ত’ পরামর্শ হাসিমুখে মেনেও নিলেন তিনি। সৌরভ তাঁকে এও মনে করিয়ে দেন যে, আর তো মাত্র কয়েকটা সপ্তাহের অপেক্ষা। তারপরেই শো শেষ হবে আর বাড়ির বাইরে গিয়ে দু’জনের আবার দেখা হবে।

প্রতিযোগিতা, বিতর্ক আর সারাদিনের ঝগড়ার মাঝে বিগ বসের ঘরে এই মিষ্টি প্রেমের মুহূর্ত দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। ভালবাসা যে কোনও খেলার চেয়েও বড়, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন রাজবীর। এখন শুধু দেখার, রাজবীরের পাঠানো এই আদরের উপহার হাতে পেয়ে নন্দিনী ঠিক কী করেন! আর শো শেষের পর তাঁদের মিলনের মুহূর্তটা ঠিক কতটা স্পেশাল হয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us