
ক’ দিন আগে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছিলেন নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে দেখা যাবে নায়িকাকে। ঠাকুমার চরিত্র করার জন্য তিনি কিছুটা ওজন বাড়িয়েছেন। এরপরই একটা অনুষ্ঠানে শ্রাবন্তী নাচ করেন। সেই নাচের ভিডিয়ো ঘিরে সোশ্যাল মিডিয়া ট্রোলিং শুরু হয়ে যায়। অনেকে এমন মন্তব্য করেন, যা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানাতে বাধ্য হন নায়িকা।
কেন সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলেন? TV9 বাংলার এক সাক্ষাত্কারে শ্রাবন্তী খোলসা করলেন, ”আমার ওজন বেড়ে গিয়েছে, সেই সংক্রান্ত নেগেটিভ মন্তব্য এসেছে, বিষয়টা শুধু তা নয়। এআই দিয়ে ইদানীং এমন কিছু তৈরি করা হচ্ছে, যাতে আমার পরিবারে পর্যন্ত সমস্যা হয়েছে। পোশাকহীন ছবিতে আমার মুখ বসিয়ে সেগুলো পোস্ট করা হচ্ছে। অনেকে হয়তো বোঝেন, এই ছবিগুলো আসল নয়। কিন্তু সকলে বোঝেন না। যেরকম আমার বাবা-মা এসব ছবি দেখে প্রশ্ন করেছেন, ‘আর কত দিন ইগনোর করব’! সেই কারণে মনে হল, এগুলো বন্ধ করা দরকার।”
শ্রাবন্তী জানান, এতে তাঁর পরিবারের লোকজনরা অস্বস্তিতে পড়ছেন। তিনি বলেন, এই লড়াইটা তাঁর একার জন্য না, ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মী, যাঁরা একই ধরনের সমস্যার মুখে পড়েছেন, তাঁদের সকলের জন্যই। লক্ষণীয় সামনে বিধানসভা নির্বাচন। শ্রাবন্তী সবুজ শিবিরের হয়ে প্রার্থী হচ্ছেন, এমন খবর শোনা যাচ্ছে। এই ব্যাপারে TV9 বাংলার প্রশ্নের উত্তরে নায়িকা খোলসা করলেন, ”প্রস্তাব এলে ভেবে দেখব। এরকম কিছু হলে সকলে জানতেই পারবেন। পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।”