ফাঁস হয়ে গিয়েছে এসএস রাজামৌলির ‘বারাণসী’র ছবির গল্প!

ছবির নাম ‘বারাণসী’ হলেও, শ্যুটিং কিন্তু আদতে সেই শহরে হয়নি। রাজামৌলি বরাবরই নিখুঁত সেটের জন্য পরিচিত। হায়দ্রাবাদে তৈরি হয়েছে বারাণসীর এক বিশাল রেপ্লিকা। সেখানে রত্নেশ্বর মহাদেব মন্দিরের মতো হুবহু কাঠামো তৈরি করা হয়েছে। এমনকি জলমগ্ন মন্দিরের দৃশ্য ফুটিয়ে তুলতে ব্যবহৃত হয়েছে আধুনিক সব কারিকুরি।

ফাঁস হয়ে গিয়েছে এসএস রাজামৌলির ‘বারাণসী’র ছবির গল্প!
কী আছে ‘বারাণসী’র গল্পে?

Apr 08, 2026 | 6:14 PM

ফাঁস হল এসএস রাজামৌলির আগামী মেগা প্রজেক্ট ‘বারাণসী’- র গল্প। নাম শুনে মনে হতে পারে কেবল একটি পবিত্র শহরের কাহিনী, কিন্তু রাজামৌলি মানেই যে তাতে থাকবে পৌরাণিক রহস্য আর আধুনিক প্রযুক্তির এক টানটান মিশেল, তা আবারও প্রমাণিত হয়েছে। ছবির ভিএফএক্স সংস্থার মাধ্যমে ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে এই ছবির সিনোপসিস, যা এখন নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, মহেশ বাবু এখানে একজন একনিষ্ঠ শিবভক্তের চরিত্রে অভিনয় করছেন। তবে তিনি সাধারণ কোনো ভক্ত নন, বরং এক দুঃসাহসী অভিযাত্রী। এক হারিয়ে যাওয়া মহাজাগতিক বস্তুর খোঁজে তিনি সময়ের কাঁটা পেরিয়ে এক রোমহর্ষক অভিযানে নামবেন। প্রাচীন রহস্যের জট খুলতে খুলতে তিনি পৌঁছাবেন এমন এক সত্যের সামনে, যা দেখে চমকে উঠতে হয়। জানা গিয়েছে, এই পুরো অভিযানের নেপথ্যে রয়েছেন এক ধুরন্ধর ‘মাস্টারমাইন্ড’, যার লক্ষ্য বিশ্বজুড়ে একাধিপত্য স্থাপন করা করা। অর্থাৎ, মহেশ বাবু বনাম সেই রহস্যময় খলনায়কের এক মহাযুদ্ধ দেখতে চলেছে দর্শক।

ছবির নাম ‘বারাণসী’ হলেও, শ্যুটিং কিন্তু আদতে সেই শহরে হয়নি। রাজামৌলি বরাবরই নিখুঁত সেটের জন্য পরিচিত। হায়দ্রাবাদে তৈরি হয়েছে বারাণসীর এক বিশাল রেপ্লিকা। সেখানে রত্নেশ্বর মহাদেব মন্দিরের মতো হুবহু কাঠামো তৈরি করা হয়েছে। এমনকি জলমগ্ন মন্দিরের দৃশ্য ফুটিয়ে তুলতে ব্যবহৃত হয়েছে আধুনিক সব কারিকুরি। শুধু ভারত নয়, ওড়িশা এবং কেনিয়ার জঙ্গল ও মনোরম লোকেশনেও এই ছবির বড় অংশের শ্যুটিং হয়েছে।

শোনা যাচ্ছে, রাজামৌলি এই গল্পটিকে একটি ছবিতে আটকে রাখতে চাইছেন না। ‘বাহুবলী’র মতো এটিও দুই ভাগে মুক্তি পেতে পারে। ৩ ঘণ্টার গণ্ডিতে এই বিশাল প্রেক্ষাপটকে বেঁধে রাখা সম্ভব নয় বলেই মনে করছে পরিচালক ও তাঁর টিম। প্রায় ১,০০০ থেকে ১,৩০০ কোটি টাকার বিশাল বাজেটে তৈরি এই ছবিটি হতে চলেছে ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা। ২০২৭ সালের এপ্রিলে মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত এই মহাকাব্যিক অ্যাকশন-অ্যাডভেঞ্চারের অপেক্ষায় সকলে।

Follow Us