AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sushant Singh Rajput Death Anniversary: নিজের জীবনকে কীভাবে দেখতেন সুশান্ত? ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ দিদি

Shweta Singh Kirti remembers Sushant: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে সমাজমাধ্যমে অত্যন্ত আবেগঘন পোস্ট শেয়ার করলেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি। ভাইয়ের পুরনো স্মৃতির পাশাপাশি সুশান্তের জীবনবোধ ও আদর্শকে বাঁচিয়ে রাখার বার্তা দিয়েছেন তিনি। জীবনকে কীভাবে দেখতেন সুশান্ত?

Sushant Singh Rajput Death Anniversary: নিজের জীবনকে কীভাবে দেখতেন সুশান্ত? ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ দিদি
কী বলেছেন অভিনেতার দিদি?
| Updated on: Jun 14, 2026 | 8:35 AM
Share

বলিউডের সেই অভিশপ্ত দিনটি কি সহজে ভোলা সম্ভব? দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ ছ’টা বছর। ২০২০ সালের ১৪ জুনের সেই ভয়ঙ্কর দুপুর স্তব্ধ করে দিয়েছিল গোটা দেশকে। মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। আজ, অভিনেতার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ হয়ে পড়লেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি। সমাজমাধ্যমের পাতায় ভাইয়ের একটি এআই-নির্মিত ছবি এবং কিছু পুরনো ছবি ভাগ করে নিয়ে একটি অত্যন্ত আবেগঘন বার্তা লিখেছেন তিনি। দুঃখ বা কান্নায় ভেঙে না পড়ে, সুশান্ত কীভাবে দেখতেন নিজের জীবনকে? সেই বার্তাই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন শ্বেতা।

ইনস্টাগ্রামে সুশান্তের স্মৃতিচারণ করে শ্বেতা লিখেছেন, “ছয় বছর কেটে গেল… সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু কিছু স্মৃতি সময়ের চেয়েও অনেক বড় হয়ে ওঠে। আজ যখন ভাইয়ের কথা ভাবি, ও কীভাবে আমাদের ছেড়ে চলে গিয়েছে সেই কথা ভাবি না, বরং ও কীভাবে বাঁচত সেটাই মনে পড়ে। মনে পড়ে ওর শিশুর মতো কৌতূহল, জীবন, তারা, মহাবিশ্ব এবং মানুষের মন বোঝার কথা, মানুষকে ভালোবাসার কথা। এমন একজনের কথা মনে পড়ে, যে মানুষকে মর্যাদা দিতে জানত, সে তিনি যেই হোন না কেন। ও আমাদের শিখিয়েছে যে, সহানুভূতির ছোঁয়া না থাকলে সাফল্যের কোনও মূল্য নেই।”

সুশান্তের দিদি তাঁর বার্তায় আরও বলেন, “বছরের পর বছর ধরে একটা সুন্দর সত্যি উপলব্ধি করেছি, ভালোবাসা সময়ের নিয়ম মানে না। শরীর চলে যেতে পারে, কিন্তু একটা সুন্দর আত্মার প্রভাব থেকে যায়। যখনই কেউ রাগের বদলে দয়া বেছে নেয়, অজ্ঞতার বদলে শিক্ষা বেছে নেয়, বা হতাশার বদলে আশা খুঁজে নেয়, তখনই ভাইয়ের আদর্শ বেঁচে থাকে। ওর প্রতি আমাদের আসল শ্রদ্ধাঞ্জলি দুঃখ প্রকাশ করা নয়, বরং ও যে মূল্যবোধ নিয়ে চলত, তা নিজের জীবনে ফুটিয়ে তোলা।”

ভাইয়ের উদ্দেশে শ্বেতার বার্তা, “কৌতূহলী হও, দয়ালু হও, শিখতে থাকো। নির্ভয়ে স্বপ্ন দেখো। পৃথিবী যেন কখনও তোমাকে পাষাণ না করে তোলে। জীবনের আসল পরিমাপ দীর্ঘায়ু দিয়ে হয় না, বরং ক’টি হৃদয়ে সে জায়গা নিতে পারল, সেটাই আসল। আর সেই বিচারে ভাই আজও বেঁচে রয়েছে। তুমি আজও কোটি কোটি মানুষের অনুপ্রেরণা।” সুশান্তের এই মৃত্যুবার্ষিকীতে দিদির এই পোস্ট দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না অনুরাগীরাও। ডিজিটাল দুনিয়ায় আজ ফের চর্চায় বলিউডের সেই উজ্জ্বল নক্ষত্র।

Follow Us