আশা ভোঁসলের থেকে পাওয়া জন্মদিনের উপহার আগলে রাখছেন তাবু, কী দিয়েছিলেন?

পেশাদার জীবনের দিক থেকেও তাবু এখন বেশ ব্যস্ত। আগামী ১৬ এপ্রিল মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘ভুল বাংলা’। এই ছবির মাধ্যমেই দীর্ঘ ১৫ বছর পর পরিচালক প্রিয়দর্শন এবং অভিনেতা অক্ষয় কুমার একসঙ্গে কাজ করছেন। ২০১০ সালে ‘খাট্টা মিঠা’র পর ফের এই সুপারহিট জুটি ফিরছে পর্দায়।

আশা ভোঁসলের থেকে পাওয়া জন্মদিনের উপহার আগলে রাখছেন তাবু, কী দিয়েছিলেন?
আগামী ১৬ এপ্রিল মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘ভুল বাংলা’

Apr 07, 2026 | 6:12 PM

জন্মদিনের উপহার তো অনেকেই পান, কিন্তু সেই উপহার যদি আসে কিংবদন্তি আশা ভোঁসলের হাত থেকে? তবে সেই মুহূর্ত যে জীবনের অন্যতম শ্রেষ্ঠ পাওনা হয়ে দাঁড়ায়, তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি এমনই এক নস্ট্যালজিক স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন বলিউড অভিনেত্রী তাবু। তাঁর আসন্ন ছবি ‘ভুল বাংলা’ মুক্তির ঠিক আগেই এই আবেগঘন পোস্ট নেটপাড়ায় বেশ চর্চা শুরু হয়েছে।

সোশাল মিডিয়ায় তাবু কয়েকটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের সঙ্গে অত্যন্ত ভালো কাটাচ্ছেন তিনি। কোনও ছবিতে দেখা যাচ্ছে তাবু শ্রদ্ধায় ও ভালোবাসায় আশাজির হাত চুম্বন করছেন, আবার কোনও ছবিতে দুজনকে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এই ছবিগুলোই বলে দিচ্ছিল তাঁদের সম্পর্কের গভীরতা। তবে সব আকর্ষণ কেড়ে নিয়েছে একটি গিটার। গত নভেম্বর মাসে তাবুর জন্মদিনে আশা ভোঁসলে তাঁকে একটি সুন্দর গিটার উপহার দিয়েছিলেন। সেই গিটার হাতে নিয়ে দুজনে পোজও দিয়েছেন ক্যামেরায়।


ছবির ক্যাপশনে তাবু এক দীর্ঘ এবং মন ছুঁয়ে যাওয়া নোট লিখেছেন। তিনি অনুরাগীদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, “আপনাদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিনগুলোর কথা আমাকে বলুন… সেই মুহূর্তগুলো যা কখনও ভুলবেন না।” নিজের অনুভূতি প্রকাশ করে তাবু লিখেছেন, “নভেম্বরে আমার জন্মদিন ছিল এবং হঠাৎই আমার দরজায় এসে হাজির হল এই অপূর্ব গিটারটি— আশাজির উপহার। আমার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনও ভাষা নেই।”

আশাজির প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে তিনি আরও যোগ করেন, “আপনার গানের মাধ্যমেই আমরা ভালোবাসা, একাকীত্ব, যন্ত্রণা এবং প্যাশন অনুভব করেছি। এই গিটারটি আমি সারা জীবন আগলে রাখব এবং আশা করি খুব শীঘ্রই এই গিটারে সুর তুলে আপনার সামনে আপনারই গান গাইতে পারব।”

পেশাদার জীবনের দিক থেকেও তাবু এখন বেশ ব্যস্ত। আগামী ১৬ এপ্রিল মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘ভুল বাংলা’। এই ছবির মাধ্যমেই দীর্ঘ ১৫ বছর পর পরিচালক প্রিয়দর্শন এবং অভিনেতা অক্ষয় কুমার একসঙ্গে কাজ করছেন। ২০১০ সালে ‘খাট্টা মিঠা’র পর ফের এই সুপারহিট জুটি ফিরছে পর্দায়। ছবিতে তাবু ছাড়াও রয়েছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং ওয়ামিকা গাব্বির মতো দক্ষ অভিনেতারা। অক্ষয় কুমার, শোভা কাপুর ও একতা কাপুরের প্রযোজনায় এই ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

Follow Us