
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মাত্র দুদিন হল। কিন্তু নিজের পুরনো জগত অর্থাৎ চলচ্চিত্র দুনিয়ার প্রতি টান যে এখনও অটুট, তা বুঝিয়ে দিলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় (Joseph Vijay। সৌজন্যে সুরিয়া এবং তৃষা কৃষ্ণান অভিনীত আসন্ন অ্যাকশন ড্রামা ‘করুপ্পু’। দীর্ঘদিনের প্রথা ভেঙে এই ছবির জন্য সকাল ৯টার স্পেশাল শো-এর অনুমতি দিয়ে দিলেন তিনি। সাধারণত তামিলনাড়ুতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে খুব ভোরে বা সকালে বড় ছবির শো রাখা এড়িয়ে চলা হয়। কিন্তু বিজয় বুঝিয়ে দিলেন, তিনি শুধু রাজনীতির ময়দানেই নয়, বিনোদন জগতের নাড়িই নক্ষত্র খুব ভালো বোঝেন।
আরজে বালাজি পরিচালিত ‘করুপ্পু’ ছবিটি আগামী ১৪ মে বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে। মঙ্গলবার সন্ধ্যায় ছবির নির্মাতারা সমাজমাধ্যমে একটি বিশেষ পোস্ট করে এই খুশির খবরটি ভাগ করে নেন। সেখানে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী বিজয় নিজের দপ্তরে বসে কাজ করছেন। সেই ছবির সঙ্গেই নির্মাতারা লিখেছেন, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থিরু জোসেফ বিজয়কে অসংখ্য ধন্যবাদ। তাঁর বিশেষ অনুমতির কারণেই ‘করুপ্পু’র ফার্স্ট ডে ফার্স্ট শো শুরু হবে সকাল ৯টা থেকে।”
তামিলনাড়ুর প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। বড় কোনও তারকার সিনেমা মুক্তি পেলেই ভক্তদের উন্মাদনা চরমে পৌঁছায়। অনেক সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে সকালে শো চালানোর অনুমতি দিতে পুলিশ প্রশাসন হিমশিম খায়। তবে বিজয়ের এই গ্রিন সিগন্যাল সিনেমা হল মালিক এবং ডিস্ট্রিবিউটরদের মুখে হাসি ফুটিয়েছে।
ছবির নায়িকা তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের অফ-স্ক্রিন রসায়ন নিয়ে সমাজমাধ্যমে চর্চার শেষ নেই। গিল্লি, কুরুভি থেকে শুরু করে হালের ‘লিও’— এই জুটির জনপ্রিয়তা আকাশছোঁয়া। এমনকি বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও তৃষার উপস্থিতি নতুন করে জল্পনার ইন্ধন জুগিয়েছিল। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে আসা যাবতীয় অভিযোগ বা গুঞ্জন নিয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। তবে ‘করুপ্পু’ ছবির জন্য মুখ্যমন্ত্রীর এই দরাজ মনোভাব অনুরাগীদের নতুন করে কথা জল্পনা তৈরি করেছে।
আরজে বালাজির লেখা ও পরিচালনায় এই ছবিতে সুরিয়া ও তৃষা ছাড়াও রয়েছেন ইন্দ্রানস, ন্যাটি এবং স্বাসিকার মতো একঝাঁক তারকা। ছবির সংগীত পরিচালনায় রয়েছেন সাই অভয়ঙ্কর। ১৪ মে প্রেক্ষাগৃহে ছবিটি কতটা ঝড় তোলে, এখন সেটাই দেখার।