Madhubani Goswami: এতদিন ছেলের মুখ দেখাননি, অবশেষে ভিডিয়ো প্রকাশ মধুবনীর

Madhubani Goswami: কেশবের মুখ আড়াল করে ছবি পোস্ট করে ছেলের মুখ না দেখানোর কারণ জানিয়েছিলেন মধুবনী। তিনি জানান, এই সিদ্ধান্ত তাঁর পরিবারের একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত।

Madhubani Goswami: এতদিন ছেলের মুখ দেখাননি, অবশেষে ভিডিয়ো প্রকাশ মধুবনীর
ছেলের সঙ্গে মধুবনী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Sep 17, 2021 | 11:30 PM

কয়েক মাস আগে মা হয়েছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী। একমাত্র সন্তান কেশব এখন তাঁর প্রায়োরিটি। এতদিন পর্যন্ত ছেলের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেও সেখানে তার মুখ দেখাতেন না। অবশেষে ছেলের মুখ দেখালেন অভিনেত্রী।

বুধবার কেশবের একটি ছোট্ট ভিডিয়ো ফেসবুকে শেয়ার করেছেন মধুবনী। সকলে চাইছিলেন বলে এই ভিডিয়ো তিনি শেয়ার করেছেন বলে জানিয়েছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, কেশব ক্যামেরা দেখে অত্যন্ত আনন্দিত। নাম ধরে ডাকার পর ক্যামেরার দিকেই তাকাচ্ছে সে। তবে নজর কেড়েছে তার চুলের স্টাইল! এতটুকু বয়সেই কেশবের চুলে স্পাইক করিয়ে দিয়েছেন মধুবনী।

কেশবের মুখ আড়াল করে ছবি পোস্ট করে ছেলের মুখ না দেখানোর কারণ জানিয়েছিলেন মধুবনী। তিনি জানান, এই সিদ্ধান্ত তাঁর পরিবারের একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত। তাঁর কথায়, “আমরা ওর ফেস বা ছবি এই মুহূর্তে নেটে ছড়িয়ে দিতে চাই না।” তবে যে সেলিব্রিটিরা তা করে থাকেন তা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই জানাচ্ছেন মধুবনী। তিনি যোগ করেন, “আমাদের যদি কখনও মনে হয়, আমরাও নিশ্চয়ই দেব। কিন্তু আপাতত আমাদের মনে হচ্ছে না। আশা করি, আমাদের এই সিদ্ধান্তকে আপনরা সকলে সম্মান করবেন।”

প্রসঙ্গত, শুধু মধুবনী নয়, হালফিলে বলিনায়িকাদের অনেককেই এমন সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে। উদাহরণ স্বরূপ বলা যায় অনুষ্কা শর্মা ও করিনা কাপুর খানের নাম। মেয়ে ভামিকার জন্মের বেশ কয়েক মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত মেয়ের মুখের ছবি শেয়ার করেননি তিনি। করিনা কাপুরের ক্ষেত্রেও চিত্রটা খানিক এক। প্রথম সন্তান তৈমুরের জন্মের পর হাসপাতাল থেকেই মা ও ছেলের ছবি শেয়ার করেছিলেন বাবা সইফ। কিন্তু জেহ, করিনার দ্বিতীয় সন্তানের জন্মের আগেই সইফিনা জানিয়ে দিয়েছিলেন সেই ঘটনার পুনরাবৃত্তি আর হচ্ছে না। এই সব ক্ষেত্রেই বাচ্চাদের নিয়ে পাপারাৎজির বাড়াবাড়ি এড়াতেই এ হেন সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তাঁরা। এখন অবশ্য করিনা নিজেই জেহর ছবি শেয়ার করেছেন। মধুবনীও একই পথে হাঁটলেন। তাঁর সিদ্ধান্তকে সমর্থন করেছেন অনুরাগীদের একটা বড় অংশ।

কিছুদিন আগে কেশবকে কোলে নিয়ে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন মধুবনী। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি গর্বিত। আমরা কেশবের জন্য কোনও আয়া রাখিনি। এটা রাজা এবং আমি কেশবের জন্মের কয়েক মাস আগে যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। এর প্রধানত দুটো কারণ। প্রথমত প্যানডেমিক। … দ্বিতীয়ত আমরা আমাদের ছেলেকে আয়ার কাছে রেখে মানুষ করতে চাই না। আমি এখন কাজেও ফিরব না। আমার কাছে টপ প্রায়োরিটি কেশব।’

মধুবনী ব্যখ্যা করেছিলেন, প্যানডেমিক পরিস্থিতির কারণে বাইরের কোনও লোককে তাঁরা কেশবের কাছে যেতে দিচ্ছেন না। তিনি লকডাউনের মতো ২৪ ঘণ্টা ছেলের সঙ্গে রয়েছেন। এমনকি প্যানডেমিক এ ভাবেই চলতে থাকলে তাঁরা উৎসব করে কেশবের অন্নপ্রাশনও করবেন না বলে জানিয়েছেন। কারণ ছেলের সুস্থতা তাঁদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।

আপাতত কাজে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মধুবনী। ছেলেকে সামলানোর জন্যই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। এই সঠিক সিদ্ধান্ত নিতে রাজা তাঁকে সাহায্য করেছেন বলে ধন্যবাদও জানিয়েছিলেন।

আরও পড়ুন, দিলীপ কুমারের প্রয়াণের পর একাকীত্বই সায়রার অসুস্থতার কারণ, জানালেন মুখপাত্র

Loading...
Unable to load recommendations.
Follow Us