
গত দেড় মাস, দু’মাস ধরে চুটিয়ে ছবির প্রচার চালিয়ে গিয়েছেন রুক্মিণী মৈত্র। তিনি অবশ্য এখন সকলের বিনোদিনী। গত ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে রুক্মিণী অভিনীত রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী:একটি নটীর উপাখ্যান’ ছবিটি। নায়িকাকে একেবারে অন্য রূপে দেখা গিয়েছে পর্দায়। ছবি মুক্তির পরেও নিয়মিত নিজের ছবির প্রচার চালিয়ে যাচ্ছিলেন নায়িকা। কিন্তু তার মাঝেই ছন্দপতন। খুবই অসুস্থ অভিনেত্রী। কিন্তু তার মধ্যেও নিজের কাজ, ছবির প্রচার থেকে বিরত থাকতে একেবারেই রাজি নন তিনি। সে কথাই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জানালেন রুক্মিণী। একটি পোস্ট করেছেন তিনি। যেখানে নিজের অসুস্থতার কথা দর্শককে জানিয়েছেন তিনি।
রুক্মিণী লেখেন, “১০২ জ্বরে কাবু আমি। কিন্তু বিনোদিনীর স্পিরিট কেউ কমাতে পারবে না। শুধুমাত্র ভাইরাল ফিভারই হয়েছে। কিন্তু আপনারা কেউ নিকটবর্তী প্রেক্ষাগৃহে বিনোদিনী দেখতে ভুলবেন না।” ছবির শুটিংয়ের আগেও নিজের পা নিয়ে খুব ভুগেছিলেন রুক্মিণী। পা ভেঙে বেশ কয়েক দিন গৃহবন্দি থাকতে হয়েছিল। কিন্তু তা বলে নিজেকে তখনও কাজ থেকে দূরে রাখেননি। বাড়িতে বসেই ছবির প্রস্তুতি নিয়ে গিয়েছেন। সেই ভাঙা পা নিয়েই নাচের তালিমও নিয়েছেন। উল্লেখ্য, নায়িকাকে বিনোদিনী চরিত্রে দেখে খুশি দর্শক। তাঁকে আরও নানা ধরনের চরিত্রে দেখার অপেক্ষায় সবাই।