
বসন্তের বাতাস বইছে, আর বাঙালির দোল মানেই তো পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে রঙের খেলায় মেতে ওঠা। ২০২৬-এর দোল কেমন কাটল টলিপাড়ার তারকাদের? টলিপাড়ার এই বৈচিত্র্যময় দোলের অন্দরমহল ঘিরেই এখন নেটপাড়ায় জোর চর্চা।
এই বছরের দোল বেশ দুশ্চিন্তায় কেটেছে সন্দীপ্তা সেন ও তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের। গত ১৮ ফেব্রুয়ারি ইউরোপ সফরে গিয়েছিলেন তাঁরা। পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল ও আমেরিকার অস্থির পরিস্থিতির কারণে আকাশপথ কার্যত অবরুদ্ধ। ১ মার্চ প্যারিসে পৌঁছালেও আপাতত সেখানেই আটকে এই দম্পতি। ৫ মার্চের আগে দেশে ফেরার কোনও সম্ভাবনা নেই। তবে এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও ভেঙে পড়েননি সন্দীপ্তা। যুদ্ধের দামামায় আটকে, প্যারিসের হোটেল রুমে বসেই পুরনো ছবি এডিট করে ডিজিটাল পদ্ধতিতে দোল খেলেছেন তিনি। সন্দীপ্তার কথায়, “দোল খেলতে পারছি না তো কী হয়েছে? এডিটেড ছবি দিয়েই তো সেলিব্রেট করা যায়।”
কলকাতা শহরের বুকে দোলের রঙে সবথেকে বেশি নজর কেড়েছেন নবদম্পতি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। বিয়ের পর এটাই তাঁদের প্রথম দোল। লাল পোশাকে সেজে রনজয়কে ভালোবেসে আবির মাখিয়ে দিয়েছেন শ্যামৌপ্তি। অন্যদিকে, অঙ্গনা রায় ও রোহন ভট্টাচার্য একে অপরের সঙ্গে রংয়ের খেলায় মেতে উঠেছিলেন।
প্রতিবছরের মতো এবারেও যশ দাশগুপ্ত ও নুসরত জাহান ধরা দিলেন রাজকীয় মেজাজে। একে অপরকে আবিরে মাখিয়ে ভূত করে দেওয়ার সেই ভিডিয়ো এখন ভাইরাল। অন্যদিকে, অভিনেত্রী চৈতি ঘোষাল চার বছর পর ছেলে অমর্ত্যকে পাশে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ঘরোয়া আড্ডাতেই মেতেছিলেন তাঁরা। আবার গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষের কাছে এবারের দোল ছিল তাঁদের সন্তান ‘ধীর’-কে ঘিরে। আদ্যোপান্ত ফ্যামিলি ম্যান হিসেবেই ধরা দিলেন গৌরব।
উৎসবের মাঝেও টলিউডের তারকারা ভোলেননি অবলা প্রাণীদের কথা। রুকমা রায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রায় প্রতিটি তারকাই আর্জি জানিয়েছেন— আনন্দের ছলে যেন রাস্তার পশুদের গায়ে রং না লাগানো হয়।