Deepak Qazir Kejriwal: ক্যানসার আক্রান্ত প্রবীণ অভিনেতা দীপককে লাথি-ঘুষি সহকর্মীদের! কাঠগড়ায় সিন্টা

CINTAA Mumbai office: মুম্বইয়ে শিল্পী সংগঠনের দফতরেই আক্রান্ত প্রবীণ অভিনেতা দীপক কাজির কেজরীবাল। প্রবেশে বাধা দেওয়ায় বচসা, আর তা থেকেই হাতাহাতির অভিযোগ উঠেছে। সংগঠনের অন্দরের কোন্দল এবার প্রকাশ্যে। কী ঘটেছে?

Deepak Qazir Kejriwal: ক্যানসার আক্রান্ত প্রবীণ অভিনেতা দীপককে লাথি-ঘুষি সহকর্মীদের! কাঠগড়ায় সিন্টা
কী ঘটেছে?

Nov 29, 2026 | 4:00 PM

শিল্পীদের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই যে সংগঠনের মূল কাজ, সেই ঘরের অন্দরেই এবার চরম বিশৃঙ্খলার ছবি! মুম্বইয়ে ‘সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ বা সিন্টার দফতরে প্রবীণ অভিনেতা দীপক কাজির কেজরীবালকে (Deepak Qazir Kejriwal) মারধরের অভিযোগ উঠেছে। ছোট পর্দার চেনা মুখ, পাশাপাশি ‘মেট্রো… ইন দিনো’র মতো ছবিতেও কাজ করেছেন তিনি। অভিযোগ, সেই প্রবীণ শিল্পীকেই সিন্টার দফতরে লাথি-ঘুষি মেরেছেন তাঁরই কয়েক জন সহকর্মী। খোদ শিল্পী সংগঠনের অফিসে এমন ঘটনায় রীতিমতো হতবাক বলিপাড়া।

ঠিক কী ঘটেছিল সেদিন?

ঘটনাটি গত বৃহস্পতিবার, ২৬ নভেম্বরের। সংগঠনের আজীবন সদস্য ডেজী ক্লেমেন্টস এক সাক্ষাৎকারে গোটা বিষয়টি প্রকাশ্যে আনেন। তাঁর কথায়, সেদিন কাজে সিন্টার দফতরে গিয়েছিলেন দীপক। কিন্তু শুরুতেই তাঁকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। কেন তাঁকে আটকানো হচ্ছে, সংগঠনের সদস্য দীপক পরাশরের কাছে স্রেফ এই জবাবটুকুই চেয়েছিলেন প্রবীণ অভিনেতা। ব্যস, সামান্য এই প্রশ্ন থেকেই মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বচসা গড়ায় হাতাহাতিতে। ডেজীর অভিযোগ, আরমান তাহিল, ব্রিজেশ, রাম এবং সপন ভট্টাচার্য মিলে দীপককে বেধড়ক লাথি-ঘুষি মারেন। চোটও পান তিনি।

সহকর্মীদের এমন আচরণে ক্ষুব্ধ ডেজী সরাসরি শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, দীপক মোটেও সুস্থ নন, তিনি ক্যানসারের সঙ্গে লড়ছেন। বিনা দোষে এমন এক অসুস্থ ও প্রবীণ মানুষের গায়ে হাত তোলার ঘটনা মানতে পারছেন না অনেকেই। ডেজীর আশঙ্কা, আজ দীপকের সঙ্গে যা হল, কাল অন্য সদস্যদের সঙ্গেও তা ঘটতে পারে। যদিও দীপকের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে অভিনেতা বা তাঁর পরিবারের তরফে এখনও কোনও সিলমোহর পড়েনি। অসুস্থতার ধরন বা পর্যায় নিয়েও প্রকাশ্যে কিছু জানানো হয়নি। অন্যদিকে, এত বড় অভিযোগের পরেও রহস্যজনক ভাবে নীরব সিন্টা কর্তৃপক্ষ।

সিন্টার অন্দরে অশান্তির আঁচ অবশ্য নতুন নয়। গত অগস্ট থেকেই সংগঠনে ফাটল চওড়া হচ্ছিল। নেতৃত্বের একতরফা সিদ্ধান্ত ও অগণতান্ত্রিক কাজকর্মের অভিযোগ তুলে সে সময় কার্যকরী কমিটির ১১ জন সদস্য ইস্তফা দেন, যাঁদের মধ্যে ৮ জনই ছিলেন নির্বাচিত প্রতিনিধি। উপাসনা-সহ বিক্ষুব্ধ সদস্যদের নিশানায় ছিলেন অভিনেত্রী পুনম ধিলোঁ ও পদ্মিনী কোলহাপুরে। যদিও দু’জনেই সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক এই হাতাহাতির অভিযোগ সিন্টার সেই পুরনো কোন্দলকেই ফের একবার প্রকাশ্যে এনে দিল।

Loading...
Unable to load recommendations.
Follow Us