Vikrant Massey Musafir Cafe: বাস্তবেই ‘মুফাফির ক্যাফে’, এবার হিমাচলে ক্যাফে খুলছেন বিক্রান্ত মাসে!
Himachal Pradesh Uttarakhand Mussoorie Bollywood News: ওটিটি সিরিজের সেই চর্চিত ক্যাফেকে মুঠোফোনের পর্দা থেকে সোজা পাহাড়ি উপত্যকায় নামিয়ে আনছেন জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত মাসে। 'মুসাফির ক্যাফে' সিরিজে যে ক্যাফেকে কেন্দ্র করে গল্প মোড় নিয়েছিল, সেই একই ধাঁচে বাস্তবে দুটি ক্যাফে খুলতে চলেছেন তিনি—একটি হিমাচল প্রদেশে, অন্যটি উত্তরাখণ্ডে।

মুসাফির ক্যাফে’র পর্দায় চন্দরের যে স্বপ্ন ডানা মেলেছিল, প্রীতির হাত ধরে যে যাত্রার সূচনা হয়েছিল, এবার সেই কাল্পনিক গল্পই বাস্তব রূপ নিতে চলেছে অভিনেতার হাত ধরে। ওটিটি সিরিজের সেই চর্চিত ক্যাফেকে মুঠোফোনের পর্দা থেকে সোজা পাহাড়ি উপত্যকায় নামিয়ে আনছেন জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত মাসে। ‘মুসাফির ক্যাফে’ সিরিজে যে ক্যাফেকে কেন্দ্র করে গল্প মোড় নিয়েছিল, সেই একই ধাঁচে বাস্তবে দুটি ক্যাফে খুলতে চলেছেন তিনি—একটি হিমাচল প্রদেশে, অন্যটি উত্তরাখণ্ডে। জানা গিয়েছে, দুই জায়গাতেই ইতিমধ্যেই প্রাথমিক নির্মাণকাজ শুরু হয়ে গিয়েছে।
বিক্রান্তের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘হোমমেড স্টোরিজ়’-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে এই অভিনব উদ্যোগ। শুধু ক্যাফের নামই নয়, সিরিজের সেই ক্যাফের স্থাপত্য, ভেতরের সাজসজ্জা এবং সার্বিক মেজাজকেও বাস্তবে হুবহু তুলে ধরার পরিকল্পনা রয়েছে। চমকের এখানেই শেষ নয়, এই ক্যাফে দুটির সঙ্গে যুক্ত থাকবে প্রায় ২০টি করে বিশেষ কক্ষ। বিনোদন ও শিল্পজগতের সৃজনশীল মানুষদের কাজের পরিবেশ তৈরি করে দিতে এগুলিকে ‘আর্টিস্ট রেসিডেন্সি’ বা শিল্পীদের থাকার বিশেষ জায়গা হিসেবে গড়ে তোলা হবে।
বাস্তবমুখী এই পরিকল্পনার সঙ্গে সিরিজের মূল ভাবনা অনেকটাই মিলে যায়। পর্দায় যেমন চন্দর পাহাড়ি পরিবেশে গিয়ে নিজের এলোমেলো জীবন নতুন করে গুছিয়ে নেওয়ার লড়াই চালিয়েছিল এবং সেই যাত্রার প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল একটি ক্যাফে; ঠিক তেমনই এক আবহ তৈরি করতে চাইছেন অভিনেতা। উল্লেখ্য, ওয়েব সিরিজে এই ক্যাফেটির শুটিং হয়েছিল উত্তরাখণ্ডের মসুরীর বিখ্যাত ঝরীপানীতে, যা সিরিজটি মুক্তির পর থেকেই পর্যটক ও দর্শকদের কাছে টানটান আকর্ষণ তৈরি করেছিল।
পাহাড়ে ক্যাফে খোলার বাসনা অবশ্য বিক্রান্তের অনেক পুরনো। পূর্বে এক সাক্ষাৎকারে তিনি হিমাচলের পাহাড়ি উপত্যকায় নিজের একটি ক্যাফে গড়ার স্বপ্নের কথা জানান। কোন কোন অঞ্চলে এই ক্যাফে তৈরি করা যায়, তার একটি খসড়াও মনে মনে বানিয়ে রেখেছিলেন তিনি। এমনকী, ক্যাফের নাম কী হবে—সেই প্রশ্নের জবাবে রসিকতা করে ‘মুসাফির ক্যাফে’র নামই উল্লেখ করেছিলেন অভিনেতা।
অবশেষে সেই দীর্ঘদিনের ইচ্ছাই যেন বাস্তবায়িত হতে চলেছে। এছাড়া এই উদ্যোগের পেছনে বিক্রান্তের ব্যক্তিগত টানও যথেষ্ট গভীর। তাঁর স্ত্রী অভিনেত্রী শীতল ঠাকুর হিমাচলেরই বাসিন্দা। ২০২২ সালে শীতলের পৈতৃক ভিটেতেই হিমাচলের স্থানীয় ঐতিহ্য মেনে চার হাত এক হয়েছিল তাঁদের। যদিও ক্যাফে খোলার এই জমকালো প্রজেক্ট নিয়ে বিক্রান্তের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বি-টাউনে এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে।
