
মাঠের বাইরেও বিরাট কোহলিকে নিয়ে চর্চার শেষ নেই। কখনও তাঁর ফর্ম, কখনও আবার ব্যক্তিগত জীবন- সোশ্যাল মিডিয়ার আতশকাঁচ যেন সবসময় তাঁর পিছু ধাওয়া করে। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ‘লাইক’কে কেন্দ্র করে নতুন করে শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়। আর সেই বিতর্কের আগুনেই ঘি পড়ল যখন বিরাটের পুরনো সম্পর্কের প্রসঙ্গ টেনে আনা হল। দীর্ঘ নীরবতা ভেঙে এবার মেজাজ হারালেন বিরাটের প্রাক্তন প্রেমিকা তথা ব্রাজিলিয়ান মডেল ইজাবেল লেইট।
ঠিক কী ঘটেছিল?
সবকিছুর মূলে রয়েছে একটি ‘লাইক’। সম্প্রতি বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জার্মান ভ্লগার লিজলাজ-এর (LizLaz) একটি সাহসী ছবিতে লাইক দেওয়া হয়েছিল। মুহূর্তের মধ্যে সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। যদিও পরে সেই লাইক সরিয়ে নেওয়া হয়, কিন্তু নেটজনতা ততক্ষণে ট্রোলিং শুরু করে দিয়েছেন। কেউ কেউ মজা করে লিখেছেন, “অনুষ্কা এটা দেখলে রক্ষে নেই,” আবার কেউ টেনে এনেছেন বিরাটের পুরনো দিনের কথা।
এই বিতর্কের মাঝেই একটি ফ্যান পেজ থেকে একটি কোলাজ শেয়ার করা হয়। সেখানে অনুষ্কা শর্মা, লিজলাজ এবং অবনীত কউরের সঙ্গে বিরাটের প্রাক্তন প্রেমিকা ইজাবেল লেইটের ছবিও ছিল। ক্যাপশনে লেখা হয়, “মেয়েদের ব্যাপারে বিরাটের পছন্দ সবসময়ই রাজকীয়।”
১২ বছর আগের সম্পর্ককে নতুন করে টেনে আনায় ক্ষোভ উগরে দিয়েছেন ইজাবেল। ওই পোস্টের কমেন্ট বক্সে একটি বিরক্তিকর ইমোজি দিয়ে তিনি লেখেন, “১২ বছর হয়ে গিয়েছে, এখনও দিন গুনছেন? মানুষ কেন এটা ভুলে যেতে পারে না!” স্পষ্টতই বোঝা যাচ্ছে, পুরনো কাসুন্দি ঘাটায় তিনি বিরক্ত। উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে বিরাটের সঙ্গে ইজাবেলের প্রেমের গুঞ্জন ছিল তুঙ্গে। পরে ২০১৭ সালে অনুষ্কা শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কিং কোহলি।
ইজাবেল লেইট
সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি নিয়ে বিরাটের এই বিড়ম্বনা নতুন নয়। গত বছর অভিনেত্রী অবনীত কউরের ছবিতেও বিরাটের অ্যাকাউন্ট থেকে একইরকম লাইক পড়েছিল। সেই সময় বিরাট নিজে জানিয়েছিলেন, ফিড পরিষ্কার করার সময় ভুলবশত অ্যালগরিদমের কারণে এমনটা হয়ে থাকতে পারে। তাঁর কোনও বিশেষ উদ্দেশ্য ছিল না।