
রাত পেরোলেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর এক মাস হয়ে যাবে। শুটিংয়ে গিয়ে প্রাণ চলে যায় প্রতিভাবান অভিনেতার। সেই ধারাবাহিকের তত্ত্বাবধানে ছিল ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থা। শৈবাল বন্দ্যোপাধ্যায় আর লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার দু’টি ধারাবাহিক তখন দেখানো হচ্ছিল স্টার জলসা চ্যানেলে। রাহুল অভিনীত ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের টেলিকাস্ট বন্ধ করে দেওয়া হয়, এই ঘটনার কয়েক দিন পর। একইভাবে বন্ধ হয়ে যায় ‘চিরসখা’।
প্রথমে সিদ্ধান্ত হয়েছিল লীনা-পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনায় ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের জন্য শুটিং করবেন না শিল্পীরা। তবে পরে সিদ্ধান্ত বদল হয়। আর্টিস্টস ফোরাম জি বাংলা চ্যানেলের সঙ্গে মিটিং করার পর সিদ্ধান্ত নেয়, কিছু শর্তের বিনিময়ে এই ধারাবাহিকের শুটিংয়ে উপস্থিত হবেন শিল্পীরা।
কী সেই শর্ত, তা জনসমক্ষে আনা হয়নি। চ্যানেলের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। আর্টিস্টস ফোরামের তরফে কোনও বিবৃতি আসেনি। লক্ষণীয়, এখন ধারাবাহিক থেকে বাদ পড়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের নাম। রাহুলকে কেন্দ্র করে জটিলতার আগে, এই ধারাবাহিকে অনুপ্রেরণা হিসাবে ছিল ‘রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি’। মূল কাহিনী আর কাহিনী বিন্যাসে ছিল লীনা গঙ্গোপাধ্যায়ের নাম। চিত্রনাট্যে ছিল শর্বরী ঘোষালের নাম। এখন এপিসোডে লীনার নাম বাদ দেওয়া হয়েছে। নতুন কোনও নাম যোগ করা হয়নি। শুধু অনুপ্রেরণা আর চিত্রনাট্য বিভাগের নাম দু’টো রাখা হয়েছে। অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার নাম রয়েছে আগের মতো।
রাহুলের মৃত্যু ঘিরে এফআইআর হয়েছে। সেই তদন্ত কোন পথে এগোচ্ছে, সেটাও জানতে চান অভিনেতার অনুরাগীরা।