বিনা চিকিত্‍সায় মৃত বাবা-মা, ‘মামারবাড়ি’ শ্যামপুর নিয়ে হিরণ বললেন…

এবার শ্যামপুর বিধানসভা কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তিনি যেমন অভিনেতা হিসাবে পরিচিত মুখ, তেমনই পাঁচ বছর ধরে গেরুয়া শিবিরের হয়ে বিধায়কের দায়িত্ব পালন করছেন। তবে এবার তাঁর নির্বাচনের কেন্দ্র বদল হয়েছে। শ্যামপুরে লড়ার সুযোগ পেয়েই TV9 বাংলাকে হিরণ জানিয়েছিলেন, শ্যামপুরে তাঁর মায়ের শিকড়।

বিনা চিকিত্‍সায় মৃত বাবা-মা, মামারবাড়ি শ্যামপুর নিয়ে হিরণ বললেন...

| Edited By: Bhaswati Ghosh

Apr 25, 2026 | 4:18 PM

এবার শ্যামপুর বিধানসভা কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তিনি যেমন অভিনেতা হিসাবে পরিচিত মুখ, তেমনই পাঁচ বছর ধরে গেরুয়া শিবিরের হয়ে বিধায়কের দায়িত্ব পালন করছেন। তবে এবার তাঁর নির্বাচনের কেন্দ্র বদল হয়েছে। শ্যামপুরে লড়ার সুযোগ পেয়েই TV9 বাংলাকে হিরণ জানিয়েছিলেন, শ্যামপুরে তাঁর মায়ের শিকড়। তাই সেই জায়গাকে তিনি মামারবাড়ি হিসাবেই দেখেন।

এবার এক ভিডিয়োতে শ্যামপুর নিয়ে বড় বার্তা দিলেন হিরণ। তিনি বললেন, ”প্রায় সকলেই জানেন, ১৯৯৭ সালে আমি বাবা আর মাকে হারিয়েছি। আমরা অত্যন্ত গরিব ছিলাম। হাসপাতালে বিনা চিকিত্‍সায় মারা গিয়েছেন বাবা-মা। শ্যামপুরে এসে আমি দেখেছি, এখানে কোনও সুপার স্পেশ্যালিটি হাসপাতাল নেই। সেরকম কোনও রোগ হলে, প্রথমেই অন্য জায়গায় যেতে হয়। যাত্রা পথেই কত মানুষ চলে যান চিরকালের মতো। তাই এটা কথা দিচ্ছি, শ্যামপুরে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করব।”

হিরণ বিধায়ক হলে যে এলাকার মানুষের চিকিত্‍সা সংক্রান্ত সমস্যার সুরাহা করার দায়িত্ব তিনি নেবেন, সেটাই স্পষ্ট তাঁর কথায়। হিরণ এটাও খোলসা করেছেন, সেখানে এমন কোনও ওষুধের দোকান নেই, যা সারা রাত খোলা থাকে। তাঁর কথায়, রাতে কোনও ওষুধের দরকার পড়লে, তখন নাজেহাল হয়ে যান এলাকার মানুষ। সেই কারণে এমন ওষুধের দোকানের ব্যবস্থা করবেন তিনি, যা সব সময়ে খোলা থাকবে, সেই কথা দিয়েছেন গেরুয়া শিবিরের প্রার্থী।

লক্ষণীয় শ্যামপুরে এর আগের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন নায়িকা তনুশ্রী চক্রবর্তী। তিনি জয় ছিনিয়ে আনতে পারেননি সবুজ শিবিরের থেকে। এবার বিধানসভা নির্বাচনে হিরণের ফল কেমন হয়, তা দেখার অপেক্ষা।

 

 

Follow Us