Ramayana movie: পাকিস্তানে কি মুক্তি পাবে রণবীরের ‘রামায়ণ’?

Ranbir Kapoor: বিশ্বজুড়ে ১০০টির বেশি দেশে মুক্তি পেলেও পাকিস্তানে রণবীর কাপুর ও যশের মেগা বাজেট 'রামায়ণ' রিলিজ করবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড়সড় ধোঁয়াশা। পাকিস্তানে কি মুক্তি পাবে রণবীরের 'রামায়ণ'? জানুন বিস্তারিত

Ramayana movie: পাকিস্তানে কি মুক্তি পাবে রণবীরের রামায়ণ?
জানুন বিস্তারিতImage Credit source: tv9 network

Oct 30, 2026 | 11:15 AM

বলিউড থেকে শুরু করে প্যান ইন্ডিয়া, সব জায়গাতেই এখন চর্চার কেন্দ্রে একটাই নাম, ‘রামায়ণ’। রণবীর কাপুর (Ranbir Kapoor), সাই পল্লবী এবং যশের আসন্ন এই মেগা সিনেমা নিয়ে উন্মাদনা এখন আর শুধু দেশের গণ্ডিতে আটকে নেই, ছড়িয়ে পড়েছে বিদেশেও। সম্প্রতি পাকিস্তানের করাচিতে হিন্দু সম্প্রদায়ের মানুষদের এই ছবির পোস্টার হাতে উল্লাস করতে দেখা গিয়েছে। আর এই ঘটনার পর থেকেই সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পাকিস্তানে কি সত্যিই রিলিজ করবে এই বিগ বাজেট ছবি?

বিশ্বজুড়ে রামায়ণের দাপট

নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমাটি ১০০টিরও বেশি দেশে মুক্তি পেতে চলেছে। সারা বিশ্বজুড়ে প্রায় ৫০,০০০ স্ক্রিনে দেখা যাবে এই ছবি। নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিও, আটবারের অস্কারজয়ী ভিএফএক্স কোম্পানি ডিএনইজি (DNEG) এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস একসঙ্গে মিলে ছবিটি প্রযোজনা করছে। সনি পিকচার্স (Sony Pictures) আন্তর্জাতিক বাজারে ছবিটি ডিস্ট্রিবিউট করবে। অন্যদিকে ভারতের বাজারে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে ধর্মা প্রোডাকশন। ভারতের প্রাচীন মহাকাব্যকে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই ছবির মূল লক্ষ্য।

পাকিস্তানে কি রিলিজের ছাড়পত্র মিলবে?

এত বড় স্তরে রিলিজের প্ল্যান থাকলেও, সব দেশে ছবি দেখানোর গ্যারান্টি কিন্তু নেই। এখনও পর্যন্ত পাকিস্তানে ‘রামায়ণ’ রিলিজ নিয়ে নিশ্চিত কোনও খবর মেলেনি। ‘দ্য ফ্রি প্রেস জার্নাল’-এর একটি রিপোর্ট অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক এবং সামরিক উত্তেজনার কারণে সেদেশে ভারতীয় সিনেমা রিলিজের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে।

এছাড়া গত অগস্ট মাসে ‘পাকিস্তান শোবিজ’-এর একটি রিপোর্টে বলা হয়, দুই দেশের মধ্যে সমস্যার কারণে ভারতীয় ছবির জন্য এনওসি (NOC) বা ছাড়পত্র দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে পাকিস্তান প্রশাসন। তাই সনি পিকচার্স গ্লোবাল ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিলেও, পাকিস্তানে ছবি রিলিজের জন্য তারা সবুজ সংকেত পাবে কি না, তা নিয়ে একটা বড় সন্দেহ থেকেই যাচ্ছে।

কবে আসছে রামায়ণ?

আগামী ৫ নভেম্বর (২০২৬) বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘রামায়ণ পার্ট ১’। আর ‘রামায়ণ পার্ট ২’ বড় পর্দায় আসবে ২০২৭ সালের দীপাবলিতে। একদিকে যখন সারা বিশ্বের সিনেপ্রেমীরা এই ছবির জন্য মুখিয়ে আছেন, তখন প্রতিবেশী দেশের দর্শকদের কপালে কী জুটবে তা সময়ই বলবে। শেষ পর্যন্ত পাকিস্তানের দর্শকরা থিয়েটারে বসে রাম-রাবণের এই মহাকাব্যিক লড়াই দেখার সুযোগ পান কি না, আপাতত নজর সেদিকেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us