Kahaani 3 Cast: ‘কাহানি’ তে ট্যুইস্ট! বিদ্যাকে সরিয়ে সুজয়ের নতুন ‘কাহানি’র মুখ কে?
Kahaani 3: 'কাহানি' বলতেই চোখে ভেসে ওঠে বিদ্যা বালানের চেহারা। তবে এবার সুজয় ঘোষের থ্রিলারে বড়সড় রদবদল! 'কাহানি ৩'-এ বিদ্যাকে সরিয়ে নাকি আসছে নতুন নায়িকা? জানুন বলিউডের নতুন এই চমক নিয়ে কী রিপোর্ট বলছে।

দুর্গাপুজোর কলকাতার ভিড়ে অন্তঃসত্ত্বা এক মহিলার নিখোঁজ স্বামীকে খোঁজার সেই টানটান রোমাঞ্চ, ‘কাহানি’ বলতেই চোখের সামনে ভেসে ওঠে বিদ্যা বালানের সেই আইকনিক চেহারা। কিছু চরিত্র আর অভিনয় এমনভাবে মিশে যায় যে, সেখানে অন্য কাউকে কল্পনা করাও বেশ কঠিন। তবে বলিউড থেকে থ্রিলারপ্রেমীদের জন্য এবার আসছে এক বিরাট চমক। গুঞ্জন সত্যি হলে, ‘কাহানি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে নাকি আর দেখা যাবে না বিদ্যা বালানকে! তাঁর জায়গায় মুখ্য চরিত্রে দেখা যেতে পারে ইয়ামি গৌতমকে।
একটি রিপোর্ট অনুযায়ী, পরিচালক সুজয় ঘোষ তাঁর ঝুলির অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র পরবর্তী পার্ট নিয়ে কাজ শুরু করেছেন। তবে এবার গল্পের ট্র্যাক সম্পূর্ণ বদলে ফেলার মেজাজে রয়েছেন তিনি। আগের দুই ছবিতে বিদ্যা বালান বাজিমাত করলেও, ‘কাহানি ৩’-এর মূল চরিত্রের দায়িত্ব উঠতে চলেছে ইয়ামি গৌতমের কাঁধে। ছবিটি বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। নির্মাতারা খুব দ্রুত শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করতে চলেছেন।
সূত্রের খবর, ‘কাহানি ৩’ কিন্তু আগের গল্পগুলোর সরাসরি সিক্যুয়েল হতে যাচ্ছে না। ফ্র্যাঞ্চাইজির আসল নির্যাস ও থ্রিল বজায় রেখে এটি হবে সম্পূর্ণ নতুন একটি গল্প। ইয়ামির চরিত্রটিকে বেশ শক্তিশালী করতে চাইছেন পরিচালক সুজয় ঘোষ। তিনি চাইছেন, পুরনো ফ্র্যাঞ্চাইজির আবেগ বজায় রেখেও দর্শকদের সামনে একেবারেই এক তাজা ও রোমাঞ্চকর পরিবেশ তুলে ধরতে।
স্মৃতির সরণি বেয়ে পেছনের পাতায় একটু চোখ বোলানো যাক। ২০১২ সালে সুজয় ঘোষের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘কাহানি’। কলকাতার প্রেক্ষাপটে বিদ্যা বাগচীর সেই নিখোঁজ স্বামীর সন্ধান আর দুর্গাপুজোর ধুনুচি নাচের আবহ আজও থ্রিলারপ্রেমীদের হৃদকম্পন বাড়িয়ে দেয়। বিদ্যা বালানের পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায় এবং নওয়ামজউদ্দিন সিদ্দিকীর অভিনয় ছবিটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। পরবর্তীতে ২০১৬ সালে এসেছিল সিক্যুয়েল ‘কাহানি ২’। তবে সেটি প্রথম ছবির মতো তেমন সাফল্য পায়নি।
এখন আবার ‘কাহানি ৩’ নিয়ে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। গত কয়েক বছরে নিজের বলিষ্ঠ পারফরম্যান্সে দর্শকদের মন জয় করা ইয়ামি গৌতমের সঙ্গে সুজয় ঘোষের এই জুটি কীভাবে ফ্র্যাঞ্চাইজিকে সামনে নিয়ে যায়, তা দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। এবারও কি কলকাতার ধুলোবালি আর গলির কোনও কোণে ডালপালা মেলবে নতুন রহস্য, নাকি দেখা মিলবে একদম অন্য কোনো পটভূমির? তা তো সময়ই বলবে!
