FEATURED:

Elephant Calf Airlifted: জন্মের দিনেই ভেঙেছিল পা, ৭ সপ্তাহের রাজাকে অসম থেকে বিশেষ বিমানে উড়িয়ে আনা হল অনন্ত আম্বানির ‘বনতারা’-য়

Elephant Calf Airlifted From Assam to Vantara: গত ৮ অক্টোবর বনতারার র‍্যাপিড রেসপন্স টিম রাজার কাছে পৌঁছায়। এক্স-রেতে দেখা যায়, ভাঙা হাড়ের দুই প্রান্ত সরে গিয়ে ওভাররাইডিং ফ্র্যাকচার হয়েছে। প্লাস্টার কাস্ট, ব্যান্ডেজ ও স্লিংয়ের সাহায্যে পা স্থিতিশীল করার পাশাপাশি বিশেষ ফর্মুলা মিল্ক রিপ্লেসমেন্ট শুরু করা হয়। ১০ অক্টোবর তাকে পোহুমারার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং পায়ে চাপ না দিয়ে শরীর সচল রাখতে কাছেই একটি হাইড্রোথেরাপি পুকুর তৈরি করা হয়।

Elephant Calf Airlifted: জন্মের দিনেই ভেঙেছিল পা, ৭ সপ্তাহের রাজাকে অসম থেকে বিশেষ বিমানে উড়িয়ে আনা হল অনন্ত আম্বানির বনতারা-য়
রাজাকে আনা হল 'বনতারা'য়Image Credit source: TV9 Network

Nov 20, 2026 | 10:03 PM

জন্মের দিনেই পা ভেঙে যাওয়া একরত্তি হাতি শাবককে বাঁচাতে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন ‘বনতারা’ (Vantara)-র প্রতিষ্ঠাতা অনন্ত আম্বানি। সাত সপ্তাহ বয়সী এশীয় হাতির শাবক ‘রাজা’-কে উন্নত ও জরুরি চিকিৎসার জন্য অসমের পোহুমারা থেকে বিশেষ বিমানে গুজরাতের জামনগরে বনতারা পুনর্বাসন কেন্দ্রে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের খবর, গত সাত সপ্তাহ ধরে বনতারার পশু চিকিৎসক দল শাবকটির মালিকের বাড়িতেই তার চিকিৎসা করছিলেন। কিন্তু একের পর এক শারীরিক জটিলতা দেখা দেওয়ায় নিবিড় হাসপাতাল পরিচর্যা জরুরি হয়ে পড়ে। এত কম বয়সি ও ভঙ্গুর শরীরের একটি শাবককে ২৫০০ কিলোমিটারের বেশি পথ সড়কপথে নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত আকাশপথে জামনগরে স্থানান্তরের ব্যবস্থা করা হয়। ভারতে এ ধরনের তৃতীয় এয়ারলিফট উদ্যোগ এটি।

বনতারার সিইও ভিভান কারানি বলেন, “রাজা ভাঙা পা নিয়ে পৃথিবীতে এলেও তার মনোবল ভাঙেনি। সাত সপ্তাহ ধরে সে তার ছোট্ট শরীরের চেয়ে অনেক বড় সাহস নিয়ে লড়াই করেছে। এবার তাকে আগলে রাখার পালা আমাদের। অনন্ত আম্বানির সহানুভূতি ও ভালোবাসায় কয়েক দিনের সড়কযাত্রা কয়েক ঘণ্টার বিমানযাত্রায় রূপ নিয়েছে। বনতারায় আমরা তাকে দাঁড়ানোর, হাঁটার এবং একদিন দৌড়নোর সব রকম সুযোগ করে দেব।”

অসমের মুখ্যমন্ত্রীর প্রশংসা

রাজাকে জামনগরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শাবকটির মালিক ভোলানাথ পেগুর অনুরোধে তিনিই বনতারার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এক্স (X)-এ একটি পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “মালিক ভোলানাথ পেগুর অনুরোধে আমি বনতারার সঙ্গে যোগাযোগ করি। তারা এগিয়ে এসে আজ সকালে বিশেষ চিকিৎসার জন্য রাজাকে জামনগরের পুনর্বাসন কেন্দ্রে উড়িয়ে নিয়ে গেছে এবং সে ভালোভাবে সাড়া দিচ্ছে। অনন্ত আম্বানি ও বনতারা টিমকে সাধুবাদ। রাজার দ্রুত আরোগ্য কামনা করি।”

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বনতারার মুখপাত্র বলেন, অসমের মানুষের আশীর্বাদে রাজাকে নিজের পায়ে দাঁড় করানোর সর্বোচ্চ চেষ্টা করবে তাঁদের দল।

কঠিন শুরু ও সাত সপ্তাহের চিকিৎসা

গত ২ অক্টোবর অসমের গোয়ামুখে জন্ম নেয় রাজা। জন্মের পর মা হাতিটি (বয়স মাত্র ১১ বছর) ভয় ও দুশ্চিন্তা থেকে নবজাতককে লাথি মারে, যার ফলে প্রথম দিনেই রাজার ডান দিকের ফিমার বা ঊরুর হাড় সম্পূর্ণ ভেঙে যায়। দাঁড়াতে বা পায়ে ভর দিতে না পারায় মায়ের শালদুধ বা দুধও খেতে পারেনি সে, ফলে প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি তৈরি হয়নি।

এরপর গত ৮ অক্টোবর বনতারার র‍্যাপিড রেসপন্স টিম রাজার কাছে পৌঁছায়। এক্স-রেতে দেখা যায়, ভাঙা হাড়ের দুই প্রান্ত সরে গিয়ে ওভাররাইডিং ফ্র্যাকচার হয়েছে। প্লাস্টার কাস্ট, ব্যান্ডেজ ও স্লিংয়ের সাহায্যে পা স্থিতিশীল করার পাশাপাশি বিশেষ ফর্মুলা মিল্ক রিপ্লেসমেন্ট শুরু করা হয়। ১০ অক্টোবর তাকে পোহুমারার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং পায়ে চাপ না দিয়ে শরীর সচল রাখতে কাছেই একটি হাইড্রোথেরাপি পুকুর তৈরি করা হয়।

কেন হাসপাতালে ভর্তি করা জরুরি হয়ে পড়ে?

মায়ের দুধ না পাওয়া এবং স্বাভাবিক চলাফেরায় অক্ষম থাকায় রাজার শরীরে একের পর এক জটিলতা দেখা দেয়। ডায়েরিয়ার পাশাপাশি ল্যাব পরীক্ষায় ক্লেবসিয়েলা নিউমোনিয়া (Klebsiella pneumoniae) ব্যাকটেরিয়ার সংক্রমণ ধরা পড়ে। এ ছাড়া বারবার ব্লাড সুগার কমে যাওয়া, লিভারের মাত্রা বেড়ে যাওয়া, দীর্ঘক্ষণ শুয়ে থাকার কারণে মাথায় বেড সোর বা ক্ষত, আম্বিলিক্যাল হার্নিয়া ও সাধারণ দুর্বলতার মতো সমস্যাও দেখা দেয়। অ্যান্টিবায়োটিক, আইভি ফ্লুইড, লিভার সাপোর্ট, ভিটামিন ও ক্ষত সারানোর চিকিৎসা চললেও উন্নত ডায়াগনস্টিক্স, সার্বক্ষণিক নজরদারি এবং বিশেষজ্ঞ অর্থোপেডিক ও পুনর্বাসন চিকিৎসার জন্য তাকে পূর্ণাঙ্গ হাসপাতালে নেওয়া জরুরি হয়ে ওঠে।

যাত্রা ও পরবর্তী চিকিৎসা

২০ নভেম্বর গুয়াহাটি থেকে প্রায় চার ঘণ্টার বিশেষ বিমানে জামনগরে রওনা দেয় রাজা। ছোট্ট শরীরের মাপ অনুযায়ী তৈরি বিশেষ খাঁচায় রাখা হয় তাকে, যাতে ভাঙা পা স্থিতিশীল থাকে এবং নরম বিছানায় ক্ষতস্থানে চাপ না পড়ে। পুরো যাত্রায় বনতারার পশু চিকিৎসক, প্যারাভেট ও পরিচর্যাকারীদের একটি বিশেষ দল তার হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস, তাপমাত্রা, হাইড্রেশন ও ব্লাড গ্লুকোজ পর্যবেক্ষণ করেন, বিমানে তরল খাবার, ওষুধ ও দুধের ব্যবস্থাও রাখা হয়।

জামনগরে পৌঁছানোর পর রাজাকে বনতারার এলিফ্যান্ট হাসপাতালে ভর্তি করে পূর্ণাঙ্গ মূল্যায়ন, ব্যথা উপশম, ওষুধ, মুভিলিটি থেরাপি ও পুষ্টি পুনর্বাসন শুরু হবে। আঘাতের ধরন অনুযায়ী তার আজীবন চিকিৎসা ও পর্যবেক্ষণের প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে, এবং বনতারা সেই দায়িত্ব নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Loading...
Unable to load recommendations.
Follow Us
Disclaimer: આ એક Sponsored લેખ છે. તેમા સમાવિષ્ટ થતી માહિતી અને દાવાઓ ફક્ત જાહેરાત આપનાર કંપની દ્વારા કરાયેલા છે. TV9Gujarati.com આ લેખની સામગ્રી કે તેમા કરાયેલા દાવાઓ માટે જવાબદાર નથી. કૃપા કરીને તેનો ઉપયોગ કરતા પહેલા તમે તમારી રીતે માહિતી ચકાસો.