FEATURED:

Reliance Jio IPO: দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী হয়ে উঠবে রিলায়েন্স, জিও-র IPO নিয়ে বড় দাবি উদয় কোটাকের

Uday Kotak on Jio Platforms IPO: ধীরুভাই আম্বানির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন উদয় কোটাক। তিনি বলেন, "সাধারণ মানুষের সামনে প্রথম বিনিয়োগের সুযোগ এনে দেওয়ার জন্য ধীরুভাই অম্বানিকে ধন্যবাদ জানাতে চাই। রিলায়েন্স জিও-র আইপিও হতে চলেছে ভারতের ইতিহাসে এখনও পর্যন্ত বৃহত্তম আইপিও।" তাঁর মতে,  জিও-র আইপিও শুধুমাত্র একটি সংস্থার শেয়ার বাজারে প্রবেশ নয়, বরং রিলায়েন্স গোষ্ঠীর পরবর্তী প্রজন্মের নেতৃত্বের উত্থানেরও প্রতিফলন।

Reliance Jio IPO: দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী হয়ে উঠবে রিলায়েন্স, জিও-র IPO নিয়ে বড় দাবি উদয় কোটাকের
উদয় কোটাকImage Credit source: PTI

Oct 15, 2026 | 7:29 PM

নয়া দিল্লি: দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী হয়ে উঠবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বৃহস্পতিবার জিও প্ল্যাটফর্মসের (Jio Platforms) আইপিও সংক্রান্ত সাংবাদিক বৈঠকে বড় মন্তব্য করলেন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের (Kotak Mahindra Bank) প্রতিষ্ঠাতা উদয় কোটাক (Uday Kotak)। ভারতের শেয়ার বাজারে ইতিহাস গড়তে চলেছে মুকেশ আম্বানির সংস্থা জিও প্ল্যাটফর্মস (Jio Platforms)। আগামী ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে জিও-র ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও (Jio IPO)। প্রায় দুই দশক পর রিলায়েন্স গোষ্ঠীর কোনও বড় সংস্থা শেয়ার বাজারে আসতে চলেছে। এই আইপিও-র মাধ্যমে সর্বোচ্চ ৩০ হাজার ১৮৮ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য রয়েছে। যা ভারতের ইতিহাসে এখনও পর্যন্ত বৃহত্তম আইপিও হতে চলেছে। এই বিষয়ে উদয় কোটাকের দাবি, জিও প্ল্যাটফর্মস শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পর বাজার মূলধনের নিরিখে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী হয়ে উঠবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

জিও-র আইপিও নিয়ে কী বললেন উদয় কোটাক?

ধীরুভাই অম্বানীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন উদয় কোটাক। তিনি বলেন, “সাধারণ মানুষের সামনে প্রথম বিনিয়োগের সুযোগ এনে দেওয়ার জন্য ধীরুভাই অম্বানিকে ধন্যবাদ জানাতে চাই। রিলায়েন্স জিও-র আইপিও হতে চলেছে ভারতের ইতিহাসে এখনও পর্যন্ত বৃহত্তম আইপিও।” তাঁর মতে,  জিও-র আইপিও শুধুমাত্র একটি সংস্থার শেয়ার বাজারে প্রবেশ নয়, বরং রিলায়েন্স গোষ্ঠীর পরবর্তী প্রজন্মের নেতৃত্বের উত্থানেরও প্রতিফলন। দীর্ঘদিনের পরিশ্রম ও পরিকল্পনার ফলেই দেশের মোবাইল পরিষেবা এবং হোম ব্রডব্যান্ডের বাজারে শীর্ষস্থান দখল করেছে জিও। তাঁর দাবি, জিও-র নতুন আইপিও রিলায়েন্স গোষ্ঠীর পরবর্তী প্রজন্মের হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়ার অন্যতম প্রমাণ।

উদয় কোটাকের আরও দাবি, গত এক দশকে ভারতের ডিজিটাল পরিষেবায় আমূল পরিবর্তন এসেছে। একটা সময় দেশে ৪জি ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪ কোটিরও কম। বর্তমানে ৪জি এবং ৫জি ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০০ কোটিতে পৌঁছেছে। তাঁর দাবি, বিশ্বে জিও-ই একমাত্র সংস্থা, যার নিজস্ব সম্পূর্ণ এন্ড-টু-এন্ড ডিজিটাল কানেক্টিভিটি প্রযুক্তি রয়েছে। তাঁর কথায়, ৫ কোটি ৩০ লক্ষ গ্রাহক এবং অসাধারণ দক্ষতার সঙ্গে পরিকল্পনার বাস্তবায়নই জিও-কে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। গত দশ বছরে ভারত বিশ্বের বৃহত্তম ডেটা ব্যবহারকারী দেশে পরিণত হয়েছে।

২০১৬ সালের কথা স্মরণ করে উদয় কোটাক বলেন, জিও যখন বাজারে আসার প্রস্তুতি নিচ্ছিল, তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন, রিলায়েন্স গোষ্ঠী আদৌ কী করতে পারবে? কিন্তু বাজারে প্রবেশ করেই কার্যত বিপ্লব ঘটায় জিও। মোবাইল পরিষেবা ও ইন্টারনেট ব্যবহারের ধারণাই বদলে দেয় সংস্থাটি। কম খরচে ইন্টারনেট পরিষেবা পৌঁছে যায় সাধারণ মানুষের হাতে। দেশের ডিজিটাল পরিষেবা সকলের কাছে সহজলভ্য হয়ে ওঠে।

কী বললেন আকাশ অম্বানী?

জিও প্ল্যাটফর্মসের ম্যানেজিং ডিরেক্টর আকাশ অম্বানী (Akash Ambani) বৃহস্পতিবার সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তাঁর দাবি, ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের ডিজিটাল অর্থনীতির আকার ১.৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পারে। আর সেই বাজারের বড় অংশ নিজেদের দখলে নেওয়ার লক্ষ্য রয়েছে জিও-র। তিনি আরও জানান, আগামী দিনে তিনটি ক্ষেত্রকে সামনে রেখে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংস্থার। সেগুলি হল মোবাইল পরিষেবা, হোম ব্রডব্যান্ড এবং এন্টারপ্রাইজ ও আন্তর্জাতিক পরিষেবা। প্রযুক্তি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামোর উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us
Disclaimer: આ એક Sponsored લેખ છે. તેમા સમાવિષ્ટ થતી માહિતી અને દાવાઓ ફક્ત જાહેરાત આપનાર કંપની દ્વારા કરાયેલા છે. TV9Gujarati.com આ લેખની સામગ્રી કે તેમા કરાયેલા દાવાઓ માટે જવાબદાર નથી. કૃપા કરીને તેનો ઉપયોગ કરતા પહેલા તમે તમારી રીતે માહિતી ચકાસો.