অখিলেশের রোড শো-তে বুলডোজার চাপা দিল বিজেপি নেতার ছেলেকে? মৃত্যু ঘিরে তুঙ্গে তরজা

BJP Vs Samajwadi Party: বুধবার উত্তর প্রদেশের গোরক্ষপুরে বুলডোজারে চাপা পড়ে মৃত্যু হয় আর্যবর্ধন নামক বছর তেরোর এক কিশোরের। তাঁর বাবা অঙ্কার সিং স্থানীয় বিজেপি নেতা। কিশোরের মৃত্যুর পরই তাঁর বাবা আজ, বৃহস্পতিবার ওই ঘাতক জেসিবির চালক সহ ৬৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

অখিলেশের রোড শো-তে বুলডোজার চাপা দিল বিজেপি নেতার ছেলেকে? মৃত্যু ঘিরে তুঙ্গে তরজা
মৃত্যু ঘিরে রাজনীতি।Image Credit source: PTI

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 19, 2026 | 8:20 PM

লখনউ: ১৩ বছরের এক কিশোরের মৃত্যু ঘিরে তোলপাড় উত্তর প্রদেশ। বিজেপি-সমাজবাদী পার্টির মধ্যে শুরু দোষ ঠেলাঠেলি। বিজেপির অভিযোগ, সপা প্রধান অখিলেশ যাদবের রোডশো-তে ফুল ছুড়তে গিয়ে বুলডোজারে চাপা পড়ে ওই কিশোরের মৃত্যু হয়। সেখানেই আবার অখিলেশের দলের দাবি, ওই জায়গায় কোনও রোডশো-ই ছিল না তাদের। তাহলে বিজেপি নেতার ছেলে কীভাবে বুলডোজারের নীচে চাপা পড়ল? তা নিয়েই জোর তরজা।

বুধবার উত্তর প্রদেশের গোরক্ষপুরে বুলডোজারে চাপা পড়ে মৃত্যু হয় আর্যবর্ধন নামক বছর তেরোর এক কিশোরের। তাঁর বাবা অঙ্কার সিং স্থানীয় বিজেপি নেতা। কিশোরের মৃত্যুর পরই তাঁর বাবা আজ, বৃহস্পতিবার ওই ঘাতক জেসিবির চালক সহ ৬৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

আজ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃত কিশোরের পরিবারের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে তিনি বলেন যে সমাজবাদী পার্টি হল হুলিগানিজমের সমার্থক। গোরক্ষপুরে প্রচারে গিয়েও তিনি বলেন, “কতটা নির্লজ্জতা দেখুন, শোক প্রকাশে এক বর্ণ খরচ করেনি ওরা। আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি যে যারা রাস্তায় অরাজকতা ছড়াচ্ছে, তাদের ধরে এমন শাস্তি দিতে যে প্রজন্মও মনে রাখবে। কুকুরের লেজ কখনও সোজা হয় না, এই গুন্ডা-মাফিয়ারা বদলাবে না যদি তাদের লাঠি দিয়ে সোজা না করা হয়।”

অন্য়দিকে অখিলেশ যাদব বলেন যে বিজেপি ওই কিশোরের মৃত্য়ুর জন্য তাঁর দলকে মিথ্যা দোষ দিচ্ছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “আমরা ইতিমধ্যেই দলের লোকজনকে ওই পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সম্ভাব্য সবরকম সাহায্য করার নির্দেশ দিয়েছি। যাঁরা এই দুঃখজনক দুর্ঘটনাকে নিয়ে রাজনীতি করছেন, তাঁদের মনে রাখা উচিত, লখনউয়ের অগ্নিকাণ্ডে যে তরুণের মৃত্যু হয়েছিল, তাঁর শোকাহত মায়ের সঙ্গে তাঁরা কীভাবে দুর্ব্যবহার ও হুমকি দিয়েছিলেন। শোকের ভান করে যাঁরা নাটক করছেন, তাঁদের আসল চেহারা সাধারণ মানুষ বুঝে গিয়েছে।”

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অখিলেশ যাদব দলীয় কর্মীদের ভবিষ্যতে তাঁকে স্বাগত জানাতে বুলডোজার ব্যবহার না করার অনুরোধ করেন। তিনি বলেন, “দলের আমার সহকর্মীদের আমি বলতে চাই, ভবিষ্যতে বুলডোজার দিয়ে আমাকে স্বাগত জানাবেন না… বুলডোজারের কাজ হল উন্নতমানের রাস্তা তৈরি করা। সত্যি কথা হল, বুলডোজারের নিজের কোনও মস্তিষ্ক নেই; এর একজন চালক থাকে।”

সমাজবাদী পার্টির তরফে একটি ভিডিয়ো ক্লিপও শেয়ার করা হয়, যেখানে দেখা যাচ্ছে যে বুলডোজারটি যখন ওই কিশোরকে চাপা দিচ্ছে, তখন কোনও রোডশো হচ্ছিল না।

Loading...
Unable to load recommendations.
Follow Us