NCPI: সুদীপদের সুতো এখনও অভিষেকের হাতেই! এবার নতুন চিঠি গেল স্পিকারের কাছে

Abhishek Banerjee on NCPI: তৃণমূলকে লোকসভায় আগের মতোই একটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ যেন দেওয়া হয়, সেই বিষয়েও আর্জি জানিয়েছেন অভিষেক। ২৫ তারিখের সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে লোকসভায় তৃণমূলের সঙ্গে থাকা সাংসদদের কে কোন কমিটিতে জায়গা পাবেন, সেই প্রস্তাব অভিষেক জমা দেবেন বলে জানিয়েছেন।

NCPI: সুদীপদের সুতো এখনও অভিষেকের হাতেই! এবার নতুন চিঠি গেল স্পিকারের কাছে
এনসিপিআই নিয়ে অভিষেকের চিঠিImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 23, 2026 | 5:26 PM

নয়া দিল্লি: এনসিপিআই (NCPI) সাংসদদের কোনও স্ট্যান্ডিং কমিটিতে যাতে জায়গা না দেওয়া হয়, সেই আর্জি জানিয়ে ফের স্পিকারকে চিঠি লিখলেন মমতা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০ জন সাংসদের সদস্যপদ খারিজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সুপ্রিম কোর্টে মামলা করেছেন আগেই। প্রশ্ন উঠেছে লোকসভার স্পিকারের ভূমিকা নিয়ে। এবার ফের চিঠি দেওয়া হল সেই স্পিকারকে।

তৃণমূল সাংসদরা কোন সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে জায়গা পাবেন, সেই বিষয়ে নামের প্রস্তাব চেয়ে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে লোকসভার সচিবালয়ের তরফ থেকে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে কমিটি ভিত্তিক সাংসদদের নামের প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।

কমিটি ভিত্তিক নামের প্রস্তাব জমা দেওয়ার আগেই কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্য়ায়, শতাব্দী রায় সহ এনসিপিআই-এর ২০ জন সাংসদকে নিয়ে চিঠি লিখলেন অভিষেক। লোকসভার সচিবালয়ের রেকর্ড অনুযায়ী এই ২০ জন সাংসদ এখনও এআইটিসি বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ। ফলত, তাঁরা কোন কমিটিতে জায়গা পাবেন, সেই প্রস্তাব লোকসভার দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই দেওয়ার কথা।

এছাড়াও তৃণমূলকে লোকসভায় আগের মতোই একটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ যেন দেওয়া হয়, সেই বিষয়েও আর্জি জানিয়েছেন অভিষেক। ২৫ তারিখের সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে লোকসভায় তৃণমূলের সঙ্গে থাকা সাংসদদের কে কোন কমিটিতে জায়গা পাবেন, সেই প্রস্তাব অভিষেক জমা দেবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, বুধবার ছিল সুপ্রিম কোর্টে (Supreme Court) এনসিপিআই সংক্রান্ত সেই মামলার শুনানি। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানতে চায়নি স্পিকার কত দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন। তবে, প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, গোটা বিষয়টিতে স্পিকারের পদক্ষেপ নজরদারিতে রাখবে কোর্ট।

Loading...
Unable to load recommendations.
Follow Us