
গোরক্ষপুর: এইএমস-র এগজেকিউটিভ ডিরেক্টর। তিনি নিজে যখন অসুস্থ হয়ে এইমসে চিকিৎসা করাতে গেলেন, তখন তাঁকেই রেফার করে দেওয়া হল প্রাইভেট নার্সিং হোমে। বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে যায়। একইসঙ্গে প্রশ্ন উঠেছে এইমসের মতো চিকিৎসা প্রতিষ্ঠানের পরিষেবা নিয়ে।
উত্তর প্রদেশের গোরক্ষপুরের এইমসের এগজেকিউটিভ ডিরেক্টর মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) বিভা দত্ত। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এইএমসেই নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কার্ডিয়াক চিকিৎসার জন্য তাঁকে একটি প্রাইভেট হাসপাতালে রেফার করা হয়। এইমসের তরফে জানানো হয়েছে, এইমসের ক্যাথ ল্যাব এখনও চালু হয়নি। সেই কারণে তাঁকে অন্যত্র রেফার করা হয়েছে।
জানা গিয়েছে, দুইদিন আগে বিকেল ৫টা নাগাদ প্রথমে এইমসের ডিরেক্টরকে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। চিকিৎসকরা দেখেন যে পেসমেকারের প্রয়োজন আছে কি না। এরপর প্রাথমিক চিকিৎসা করে তাঁর অবস্থা স্থিতিশীল হলে, তাঁকে প্রাইভেট হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬ সালের ২২ জুলাই এইমস গোরক্ষপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি আউট পেসেন্ট বিভাগ উদ্বোধন করেন। ২০২১ সালের ৭ ডিসেম্বর থেকে এইমস ইন্সটিটিউট সম্পূর্ণ চালু করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এইএমসের এক চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালের ডিরেক্টর বর্তমানে স্থিতিশীল রয়েছে। দীর্ঘদিন ধরেই ক্যাথ ল্যাবটি বন্ধ পড়ে আছে, ইন্সটিটিউটের ডিরেক্টর চিকিৎসা করাতে আসায় বিষয়টি সামনে আসে।
এই ঘটনার পরই এইমসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ক্যাথ ল্যাবের ৭০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। বাকি জিনিস এসে গেলেই পরিষেবা চালু হয়ে যাবে।