
নয়া দিল্লি: জয়পুর এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য। ভুলবশত এমারজেন্সি কোড পাঠিয়েছিলেন পাইলট। পাইলটের ভুলেই তড়িঘড়ি জরুরি অবতরণ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সকাল ৯টা ১০ মিনিটে ATCকে কোড পাঠান পাইলট। সকাল ৯.৩৫ মিনিটে জয়পুরে জরুরি অবতরণ করানো হয় বিমানের। পাইলটকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একজন প্রফেশনাল পাইলটের কাছ থেকে এই ধরনের ভুল কখনই কাম্য নয়। বরং এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। সেক্ষেত্রে পাইলট কেন এই ধরনের কোড পাঠালেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
এয়ার ইন্ডিয়া AI-2030 বিমানটি ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিতে ফিরছিল। জানা গিয়েছে, ভারতীয় আকাশসীমায় ঢোকার পরই পাইলট স্কোয়াক ৭৫০০ কোড পাঠান। এটাই মূলত হাইজ্যাক অ্যালার্ট। তাতেই নড়েচড়ে বসে নিরাপত্তা এজেন্সি। যোগাযোগ করা হয় সিভিল এভিয়েশন মিস্ট্রিতেও। জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হয়।
জরুরি অবতরণের পর বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তা প্রোটোকল মেনে বিমানটিতে তল্লাশি চালানো হয়। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF), রাজস্থান পুলিশ এবং বম্ব স্কোয়াড বিমানটিতে তল্লাশি চালায়। যাত্রীদের লাগেজও পরীক্ষা করা হয়। বিমানবন্দরে পৌঁছয় NSG টিমও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এখনও পর্যন্ত তল্লাশিতে কিছুই মেলেনি।