
লখনউ: উত্তর প্রদেশ মাদার্সা শিক্ষা বোর্ড আইন, ২০০৪ কে বাতিল করল এলাহাবাদ হাইকোর্ট। শুক্রবার (২২ মার্চ), বিচারপতি বিবেক চৌধুরী এবং বিচারপতি সুভাষ বিদ্যার্থীর এক ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই আইন সংবিধানে বর্ণিত ধর্মনিরপেক্ষতার ধারনার পরিপন্থী। তাই এই আইন ‘অসাংবিধানিক’। আইন বাতিলের পর, মাদ্রাসা শিক্ষার্থীদের কীভাবে সরকারি শিক্ষা ব্যবস্থায় জায়গা দেওয়া যায়, তার জন্য একটি পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।
অংশুমান সিং রাঠোর নাম এক ব্যক্তি উত্তর প্রদেশ মাদ্রাসা বোর্ডকে চ্যালেঞ্জ করেছিলেন আদালতে। কেন সংখ্যালঘু কল্যাণ বিভাগ এই শিক্ষা বোর্ড পরিচালনা করবে, সেই বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। উত্তর প্রদেশ মাদার্সা বোর্ডের সাংবিধানিকতাকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি। সেইসাথে ভারতের ইউনিয়ন এবং রাজ্য সরকার উভয়ের দ্বারা সংখ্যালঘু কল্যাণ বিভাগ দ্বারা মাদ্রাসার পরিচালনার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। তাঁরই আবেদনের ভিত্তিতে হওয়া মামলার শুনানিতে, এদিন এই নির্দেশ দিল হাইকোর্ট। এই মামলার বিস্তারিত রায় অবশ্য এখনও দেওয়া হয়নি।
গত অক্টোবর মাসে, উত্তর প্রদেশ সরকার রাজ্যের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সমীক্ষা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল। মাদ্রাসাগুলিতে কোনও বিদেশী তহবিল আসছে কিনা, তার তদন্তে, এক বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল। যোগী সরকারের সেই সিদ্ধান্তের কয়েক মাস পরই এই সিদ্ধান্ত জানাল এলাহাবাদ হাইকোর্ট। এতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই মাদ্রাসাগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হত। এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই সিদ্ধান্তের পর, এই সমস্ত অনুদান বন্ধ হয়ে যাবে। বস্তুত এই ধরনের মাদ্রাসাগুলিই বিলুপ্ত হয়ে যাবে।