
হরিদ্বার : ফের বঙ্গ জয়ের হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এবার হরিদ্বারের মাটি থেকে বাংলা দখলের ডাক দিলেন তিনি। ২৬-এর নির্বাচনে বাংলায় সরকার গঠন করবে বিজেপিই। বাংলা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, বাংলার পাশাপাশি তামিলনাড়ুতেও জিতবে বিজেপি। উল্লেখ্য, চলতি বছর বাংলার পাশাপাশি তামিলনাড়ুতেও নির্বাচন রয়েছে। দুই রাজ্যেই অবিজেপি সরকার। এবার সেই দুই রাজ্যেই সরকার গঠন করতে চলেছে বিজেপি, এমনই দাবি করেছেন অমিত শাহ।
শনিবার হরিদ্বারে একটি সভা ছিল শাহের। ওই সভা থেকে শাহ আরও একবার স্পষ্ট করে দিলেন, ২০২৬-এর নির্বাচনে পাখির চোখ বাংলা। তাঁর বক্তব্যে উঠে আসে একাধিক রাজ্যের প্রসঙ্গ। বিহার, কেরলম, মহারাষ্ট্রের প্রসঙ্গ তুলে শাহ বলেন,” বিহারে আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছি। কেরলমের তিরুঅনন্তপুরমে প্রথমবার বিজেপির বিজয়পতাকা উড়েছে। মহরাষ্ট্রতেও আমরা জিতেছি। আর ২৬-এ বাংলা ও তামিলনাড়ুতে বিজেপি ও এনডিএ সরকার গঠন করবে।”
দেখা গিয়েছে, অমিত শাহে যে প্রান্তেই সভা করছেন, সেই সভা থেকেই তাঁর বক্তব্যে বাংলার প্রসঙ্গ উঠে আসছে। এর আগে বিহারের আরারিয়া জেলা থেকে শাহ হুঙ্কার দিয়েছিলেন, “দেশের সুরক্ষার জন্য অনুপ্রবেশ বড় চ্যালেঞ্জ। এবার সময় এসেছে ভারতকে অনুপ্রবেশ মুক্ত করতে হবে। গোটা সীমান্ত অঞ্চলে খুব তাড়াতাড়িই তা শুরু হবে। বাংলাতেও ভোট আসন্ন। আমার বিশ্বাস, এবার সরকার গঠন করবে বিজেপি। আর সরকার গঠন করেই দলের প্রথম কাজ হবে এক এক করে সব অনুপ্রবেশকারীকে বেছে দেশের বাইরে বের করে দেওয়া।” বাংলা জয়েরও হুঙ্কার দিয়েছিলেন । এবার হরিদ্বারের সভাতেও একই সুর শোনা গেল শাহের গলায়।
এদিকে, রাজ্যজুড়ে চলছে বিজেপির পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে রাজ্য়ের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। বীরভূম থেকে কুলটি, পুরুলিয়া…কোথাও বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। কোথাও আবার তৃণমূল-বিজেপির দ্বৈরথে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে, ১৪ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডে সভা করবেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে এটাই বিজেপির মেগা ইভেন্ট। ব্রিগেডে মোদীর সভার আগে সেখানে ভূমিপুজো সারলেন বঙ্গ বিজেপির নেতারা। রাজ্য নেতৃত্বের পাশাপাশি ভূমিপুজোতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলরা। প্রধানমন্ত্রীর এই হাইভোল্টেজ সভায় নাকি প্রচুর চমক থাকবে বলে দাবি করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব।