
অমরাবতী: প্রেমের প্রস্তাব খারিজ করায় ক্লাসরুমে ঢুকে করাত মেশিন দিয়ে রক্তাক্ত করেছিল প্রেয়সী ও তাঁর বন্ধুকে। অভিযুক্ত যুবকের উপরে গুলি চালাল পুলিশ। জানা গিয়েছে, পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত যুবক। বাধ্য হয়ে পুলিশ গুলি চালায়। গুলির আঘাতে গুরুতর আহত হয়েছে অভিযুক্ত, এমনটাই খবর।
অন্ধ্র প্রদেশের অনন্তপুরে একটি স্কুলে চেইন-স বা ইলেকট্রিক করাত মেশিন নিয়ে হামলা করেছিল বছর একুশের এক যুবক। করাত দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দশম শ্রেণির দুই ছাত্রীকে। এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁর ডান হাত সম্পূর্ণ বাদ চলে গিয়েছে। মাথায়, ঘাড়ে, মুখে একাধিক আঘাত।
এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে, কিন্তু সেখান থেকেও পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পুলিশ যখন অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা করছিল, সেই সময়ে পুলিশের উপরে হামলা করে অভিযুক্ত। বাধ্য হয়ে আত্মরক্ষায় গুলি চালায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর মিলেছিল যে জঙ্গলে লুকিয়ে আছে অভিযুক্ত। সেই সূত্র ধরেই অভিযান চালায় পুলিশ। তবে ওই জায়গায় পৌঁছতেই অভিযুক্ত ছুরি ও পাথর নিয়ে পুলিশের উপরে হামলা করে। অভিযুক্ত হেমন্তের উপরে মোট ছয় রাউন্ড গুলি চালানো হয়েছে। গুরুতর জখম ওই যুবক। অভিযুক্তের হামলায় কয়েকজন পুলিশও আহত হয়েছেন বলে খবর।