
গুয়াহাটি: অসমে আবারও উঠতে চলেছে গেরুয়া ঝড় (Assam Assembly Election Results 2026)। ভোট গণনা শুরুর পর দুপুর অবধি যত আসনের ফলাফল প্রকাশ হচ্ছে, সেই ইঙ্গিতই মিলছে। বিজেপির (BJP) নেতৃত্বাধীন এনডিএ অসমে নিজেদের ঘাঁটি আরও শক্ত করছে। বিদায়ী মুখ্য়মন্ত্রী তথা বিজেপি প্রার্থী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) নিজের কেন্দ্র জালুকবাড়ি থেকে প্রায় ২৪ হাজার ভোটে এগিয়ে।
২০১৬ সাল পর্যন্ত অসম ছিল কংগ্রেসের দখলে। তারপর বিজেপি ক্ষমতায় আসে এবং ধীরে ধীরে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। বর্তমানে প্রতিবেদন লেখার সময়ে অসমে ১২৬টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ৭৮টি আসনে। ১৯টি আসনে ইতিমধ্য়েই জিতে গিয়েছে। অন্যদিকে কংগ্রেস এগিয়ে ২৭টি আসনে। অন্যান্য দল ২টি আসনে এগিয়ে।
২০০১ সাল থেকে জালুকবাড়ি কেন্দ্রে লড়ছেন হিমন্ত বিশ্ব শর্মা। ১৮ রাউন্ডের মধ্য়ে ৬ রাউন্ড গণনার পরই ৩৯ হাজার ২১৪ ভোট পেয়েছেন তিনি। প্রায় ২৪ হাজার ভোটে এগিয়ে। অসমে কংগ্রেসের মুখ গৌরব গগৌ জোরহাটে পিছিয়ে রয়েছেন।
এক্সিট পোলে দেখিয়েছিল, বিজেপি শাসিত এনডিএ-ই ক্ষমতায় আসতে চলেছে। সেই পূর্বাভাসই সত্যি হতে চলেছে। বিজেপি ৮৫ থেকে ১০০টি আসন জিততে পারে। কংগ্রেস ২৪ থেকে ৪০টি আসন পেতে পারে।