India-Bangladesh: দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণে আপত্তি ঢাকার, ভারতের অবস্থান জানতে চাইল বাংলাদেশ

Sheikh Hasina virtual address: আওয়ামী লিগের বৈঠক প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, "এই বিষয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করুক,সেটাই বাংলাদেশ চায়। আমরা চাই না এই ইস্যু দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলুক।" তিনি আরও বলেন, "ভারতে অবস্থানরত পলাতক ব্যক্তিরা যদি বাংলাদেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে রাজনৈতিক কার্যকলাপ চালান, তাহলে তা দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে।"

India-Bangladesh: দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণে আপত্তি ঢাকার, ভারতের অবস্থান জানতে চাইল বাংলাদেশ
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।Image Credit source: Getty Image

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 04, 2026 | 10:53 AM

নয়া দিল্লি: ৫ অগস্ট দিল্লিতে আওয়ামি লিগের (Delhi Awami Legue) সাংবাদিক বৈঠক। সেখানে প্রথমবার প্রকাশ্যে ভার্চুয়ালি ভাষণ দেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina)। তবে, হাসিনার এই বৈঠককে নিয়ে প্রশ্ন তুলেছে ঢাকা। ভারতের মাটিতে বিদেশিদের রাজনৈতিক কার্যকলাপের অনুমতি নেই বলেও কীভাবে হচ্ছে হাসিনার সাংবাদিক বৈঠক? এমন প্রশ্ন তুলে এবার নয়া দিল্লির অবস্থান জানতে চাইল ঢাকা।

কী বলছে বাংলাদেশ?

সোমবার ঢাকায় এক সাংবাদিক বৈঠকে বাংলাদেশের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন,”ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনা বা অন্য কোনও পলাতক ব্যক্তি রাজনৈতিক কর্মকাণ্ড করলে তা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”

জানা গিয়েছে, আগামী ৫ অগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করবে আওয়ামী লিগপন্থী সংগঠন। ওই বৈঠকে ভিডিয়ো বার্তা দিতে পারেন শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে তাঁর ছেলে জীব ওয়াজেদ জয়, প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ-এর সাধারণ সম্পাদক মহম্মদ আলি সিদ্দিকী-ও অংশ নিতে পারেন বলে খবর।

ভারত-বাংলাদেশের সম্পর্কে প্রভাব ফেলবে?

আওয়ামী লিগের বৈঠক প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, “এই বিষয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করুক,সেটাই বাংলাদেশ চায়। আমরা চাই না এই ইস্যু দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলুক।” তিনি আরও বলেন, “ভারতে অবস্থানরত পলাতক ব্যক্তিরা যদি বাংলাদেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে রাজনৈতিক কার্যকলাপ চালান, তাহলে তা দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। বাংলাদেশ বরাবরই মনে করে পলাতক বা দোষী সাব্যস্ত ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া উচিত নয়।”

বাংলাদেশের সংবাদমাধ্যমগুলির দাবি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে কথা বলেছেন। যদিও ভারতীয় হাই কমিশনের তরফে বার্তা দিয়ে জানানো হয়েছে, এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে সুদৃঢ় করা নিয়ে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, ৫ অগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার দুই বছর পালিত হবে বাংলাদেশে। আর সেই সময়ই প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রকাশ্যে সাংবাদিক বৈঠকের প্রস্তুতি নিয়ে উদ্বেগে ঢাকা। সূত্রের খবর, ৫ অগস্ট উপলক্ষে আগের থেকেই বাংলাদেশের সংবেদনশীল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে তারেক রহমানের সরকার।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us