Loksabha Election 2024: জাতীয় নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের আচমকা পদত্যাগ

TMC: নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের প্যানেলে তিনজনের থাকার কথা। এরমধ্যে একজন মুখ্য নির্বাচন কমিশনার। সঙ্গে দু'জন নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ছাড়াও ছিলেন অনুপ পাণ্ডে ও অরুণ গোয়েল। অনুপ পাণ্ডে ফেব্রুয়ারিতেই অবসর নেন। ফলে ২০২৪-এর লোকসভা ভোটের আবহে দু'জন ছিলেন প্যানেলে।

Loksabha Election 2024: জাতীয় নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের আচমকা পদত্যাগ
অরুণ গোয়েল। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Mar 09, 2024 | 9:55 PM

নয়া দিল্লি: নির্বাচন কমিশনার পদ থেকে আচমকাই ইস্তফা দিলেন অরুণ গোয়েল। কী কারণে তিনি পদত্যাগ করেছেন এখনও স্পষ্ট নয়। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই পদত্যাগপত্র গ্রহণও করেছেন। তিনি তিনজন নির্বাচন কমিশনারের একজন। নির্বাচনের যে বিশাল কর্মযজ্ঞ তা কোনও একজনের পক্ষে করানো সম্ভব নয়। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের প্যানেলে তিনজনের থাকার কথা।

এরমধ্যে একজন মুখ্য নির্বাচন কমিশনার। সঙ্গে দু’জন নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ছাড়াও ছিলেন অনুপ পাণ্ডে ও অরুণ গোয়েল। অনুপ পাণ্ডে ফেব্রুয়ারিতেই অবসর নেন। ফলে ২০২৪-এর লোকসভা ভোটের আবহে দু’জন ছিলেন প্যানেলে। এবার পদ থেকে সরে দাঁড়ালেন অরুণ গোয়েল। ফলে চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার বাদে আর কেউ কমিশনে রইলেন না।

উল্লেখ্য, ২০২২ সালে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম বা এডিআর (ADR) একটি পিটিশন ফাইল করেছিল। অরুণ গোয়েলের নিয়োগকে চ্যালেঞ্জ করেছিল এডিআর। যদিও তা সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। তবে ভোটের একেবারে মুখে এসে আচমকা কেন তিনি পদত্যাগ করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল এক্স হ্যান্ডেলে অভিযোগ তুলেছেন, কেন্দ্র এবার পছন্দের নির্বাচন কমিশনার নিয়োগ করতে চাইছে।

Follow Us