
নয়া দিল্লি: প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বাতিল হয়েছে নিট পরীক্ষা (NEET Examination)। ২১ জুন ফের নিট পরীক্ষা হবে। তার মাঝে আজ, ২১ মে থেকে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষা বাতিলের ঘোষণার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) জানিয়েছিলেন যে পরীক্ষার্থীদের এগজামিনেশন ফি (Examination Fee) ফেরত দেওয়া হবে। সেই প্রক্রিয়াই শুরু হল।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ থেকে নিট ইউজি ২০২৬-র এগজামিনেশন ফি রিফান্ডের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইল নেওয়ার কাজ শুরু হয়েছে। পরবর্তী যে নিট পরীক্ষা হবে আগামী ২১ জুন, সেই পরীক্ষায় বসতে পরীক্ষার্থীদের নতুন করে কোনও ফি জমা দিতে হবে না।
রিফান্ড প্রক্রিয়ার জন্য এনটিএ একটি নির্দিষ্ট পোর্টাল চালু করেছে। neet.nta.nic.in -এ ক্লিক করে পরীক্ষার্থীরা তাদের ব্যাঙ্ক ডিটেইল সাবমিট করতে পারবেন। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এনটিএ পরীক্ষার ফি রিফান্ড করে দেবে।
গত ৩ মে নিট ইউজি পরীক্ষা হয়েছিল। তবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। ২২ লক্ষ পরীক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আগামী ২১ জুন দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত নিট পরীক্ষা হবে। পেন-পেপার মোডে লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার্থীরা চাইলে তাদের পছন্দের পরীক্ষাকেন্দ্রও বাছাই করতে পারবে।