Nitish Kumar : জল্পনায় সিলমোহর, রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ, বিহারের নতুন সরকার গঠন নিয়ে কী বললেন?

Nitish Kumar : রাজ্যসভায় নির্বাচিত হলে নীতীশ কুমার তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে আরও একটি মাইলফলক যোগ করবেন। এর আগে বিহার বিধানসভা, বিধান পরিষদ এবং লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে সংসদের উচ্চকক্ষে যাওয়ার পর তিনিই প্রথম রাজনৈতিক নেতা হিসেবে আইনসভার চারটি বিভাগের সদস্য হতে চলেছেন। 

Nitish Kumar : জল্পনায় সিলমোহর, রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ, বিহারের নতুন সরকার গঠন নিয়ে কী বললেন?
নীতীশ কুমার

|

Mar 05, 2026 | 12:46 PM

পটনা : বিহারের মুখ্যমন্ত্রী বদল নিয়ে গত দু’দিন ধরে জল্পনা চলছে। অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর দিলেন নীতীশ কুমার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন, নতুন যাত্রা শুরু করতে চলেছেন। তাঁর অনেকদিন ধরেই ইচ্ছা ছিল রাজ্য আইনসভার দুই কক্ষের পাশাপাশি সংসদেরও দুই কক্ষের সাংসদ হবেন। এরপরই তাঁর রাজ্যসভায় যাওয়ার বিষয়টি স্পষ্ট করলেন নীতীশ। একইসঙ্গে বিহারের জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে বিদায় বার্তা দিলেন প্রবীণ রাজনীতিবিদ।

এক্স হ্যান্ডেলে হিন্দিতে একটি পোস্ট করেন নীতীশ কুমার। বিহারের জনগণের উদ্দেশে লেখেন,“দুই দশকেরও বেশি সময় ধরে, আপনারা আমার উপর ধারাবাহিকভাবে আস্থা রেখেছেন। সমর্থন করেছেন। সেই আস্থার জোরেই সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে বিহার এবং আপনাদের সকলের সেবা করেছি।” তিনি বিহারবাসীকে আশ্বস্ত করেছেন,তাঁর এই পদক্ষেপ রাজ্যের প্রতি তাঁর অঙ্গীকার, রাজ্যের প্রতি কর্তব্যকে কখনও দুর্বল করবে না।

রাজ্যসভায় গেলেও বিহারবাসীর সঙ্গে সবসময় তাঁর একটা আত্মিক সম্পর্ক থাকবে। এমনটাই জানিয়েছেন নীতীশ কুমার। তিনি লেখেন,“আমি সম্পূর্ণ সততার সঙ্গে আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আপনাদের সঙ্গে আমার বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে। উন্নত বিহার গড়ে তোলার লক্ষে আপনাদের সঙ্গে কাজ করার সংকল্প অটুট থাকবে।” একইসঙ্গে জানিয়েছেন, নতুন সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাঁর। উল্লেখ্য, আজই রাজ্যসভায় মনোনয়ন জমা দিতে পারেন নীতীশ কুমার।

রাজ্যসভায় নির্বাচিত হলে নীতীশ কুমার তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে আরও একটি মাইলফলক যোগ করবেন। এর আগে বিহার বিধানসভা, বিধান পরিষদ এবং লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে সংসদের উচ্চকক্ষে যাওয়ার পর তিনিই প্রথম রাজনৈতিক নেতা হিসেবে আইনসভার চারটি বিভাগের সদস্য হতে চলেছেন।

নীতীশের বদলে বিহারের কুর্সিতে কে ?

বিহারে মুখ্যমন্ত্রীর পদ পেতে পারে বিজেপি। অন্যদিকে, উপ মুখ্যমন্ত্রী করা হতে পারেন নীতীশের ছেলে নিশান্ত কুমারকে। সক্রিয় রাজনীতিতে পা দিতে চলেছেন নীতীশ কুমারের ছেলে।

নীতীশ নিজেই রাজ্যসভায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও, রাজনৈতিক মহল বলছে, নীতীশকে সক্রিয় রাজনীতিতে নিয়ে আসা বিজেপির একটা বড় কৌশল। গত বছরের বিহারের বিধানসভা নির্বাচনে ফের সরকার গঠন করেছে এনডিএ। তবে, দেখা গিয়েছে, জোট শরিক জেডিইউ এবার বিজেপির থেকেও কম সিট পেয়েছে। বিজেপির ঝুলিতে গিয়েছে ৮৯টি সিট। আর জেডিইউ পেয়েছে ৮৫টি আসন। জল্পনা চলছিল, নীতীশের পরিবর্তে বিজেপির কেউ মুখ্যমন্ত্রীর পদে বসতে পারেন। কিন্তু, নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যায়, মুখ্যমন্ত্রীর পদে নীতীশকেই বসানো হয়েছে। কিন্তু,ছয় মাস যেতে না যেতেই মুখ বদল করা হচ্ছে। তাহলে পাঁচ মাস আগে নীতীশকে মুখ্যমন্ত্রীর পদে বসানোর পিছনে কি বড় কৌশল ছিল বিজেপির? যদিও, রাজ্যসভায় যাওয়া নিয়ে নিজের ইচ্ছার কথাই জানিয়েছেন।