হিমাচলেও পালা বদল? রাজ্যসভা ভোটে BJP-কে ভোট দিয়েই উধাও কং বিধায়করা

Himachal Pradesh Rajya Sabha Election: রাজ্যের ৬৮ বিধায়কের মধ্যে ৪০ জনই কংগ্রেসের। এছাড়া, তাদের পক্ষে আরও তিনজন নির্দল বিধায়কের সমর্থন ছিল। তাই, কংগ্রেসের পক্ষে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা ছিল, তাদের জয় নিয়ে সংশয় ছিল না। কিন্তু, ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, রাজ্যের একমাত্র রাজ্যসভা আসনে জয় পেয়েছে বিজেপিই। তার উপর, ভোটের পর থেকে কংগ্রেসের ৫-৬ জন বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

হিমাচলেও পালা বদল? রাজ্যসভা ভোটে BJP-কে ভোট দিয়েই উধাও কং বিধায়করা
রাজ্য সভা নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী হর্ষ মহাজন

Feb 28, 2024 | 1:05 PM

সিমলা: বিহারের পর হিমাচল প্রদেশেও ঘটবে ক্ষমতার হাত বদল? রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি রাজ্যে সেই রকম পরস্থিতিই তৈরি হয়েছে। ভোট গ্রহণের সময়ই বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক ক্রস ভোট করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। রাজ্যের ৬৮ বিধায়কের মধ্যে ৪০ জনই কংগ্রেসের। এছাড়া, তাদের পক্ষে আরও তিনজন নির্দল বিধায়কের সমর্থন ছিল। তাই, কংগ্রেসের পক্ষে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা ছিল, তাদের জয় নিয়ে সংশয় ছিল না। কিন্তু, ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, রাজ্যের একমাত্র রাজ্যসভা আসনে জয় পেয়েছে বিজেপিই। হিমাচল প্রদেশের বিজেপি নেতা জয়রাম ঠাকুর জানিয়েছেন, কংগ্রেস এবং বিজেপি প্রার্থী দুজনেই ৩৪টি করে ভোট পেয়েছিলেন। এরপর টস হয় এবং টসে বিজেপি প্রার্থী জয়ী হন। তবে, শুধু রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোট করাই নয়, ভোটের পর কংগ্রেসের ৫-৬ জন বিধায়ককে পুলিশ এবং সিআরপিএফ কর্মীদের দিয়ে তাদের হরিয়ানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন, “যেভাবে গণনা শুরু হয়েছে এবং বিরোধী নেতারা বারবার ভোটকর্তাদের হুমকি দিচ্ছেন তা গণতন্ত্রের জন্য ঠিক নয়। দীর্ঘ সময় ধরে গণনা বন্ধ রাখা হয়েছিল। আমি হিমাচলের বিজেপি শাখার নেতাদের অনুরোধ করছি, ধৈর্য ধরুন, এরকম করবেন না। সিআরপিএফ এবং হরিয়ানা পুলিশের কনভয় আমাদের ৫-৬ জন বিধায়ককে তুলে নিয়ে গিয়েছে। আমি খবর পেয়েছি, যারা চলে গিয়েছে তাদের পরিবার দলের সঙ্গে যোগাযোগ করছে। আমি তাদের অনুরোধ করছি, আপনাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করুন। চিন্তার কোনও কারণ নেই।” এই বিধায়কদের হরিয়ানার পঞ্চকুলার এক সরকারি রেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রেস্ট হাউসটি বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

হিমাচলের এই পরিস্থিতি হইচই ফেলে দিয়েছে কংগ্রেস হাইকমান্ডে। ডিকে শিবকুমার রাজ্যে আসছেন। তাঁর সঙ্গে থাকবেন ভূপিন্দর হুডাও। এর মধ্যে, সমস্যা আরও বেড়েছে কংগ্রেসের শক্তিশালী নেতা তথা হিমাচলের মন্ত্রী বিক্রমাদিত্য সিংয়ের পদত্যাগে। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে। বিক্রমাদিত্য সিং বলেছেন, দলের বিধায়কদের মতামত উপেক্ষা করা হচ্ছে। তাই তিনি ইস্তফা দিচ্ছেন।

Follow Us