BJP Meeting: পশ্চিমবঙ্গ নিয়ে ফিডব্যাক RSS-র, শুভেন্দু-শমীককে কী নির্দেশ দিলেন নীতিন নবীন?

West Bengal BJP: পর্যালোচনা বৈঠকে বসেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্য ছিলেন এই বৈঠকে। উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও।

BJP Meeting: পশ্চিমবঙ্গ নিয়ে ফিডব্যাক RSS-র, শুভেন্দু-শমীককে কী নির্দেশ দিলেন নীতিন নবীন?
ফাইল চিত্র।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 25, 2026 | 7:25 AM

নয়া দিল্লি: গত চার মাসে কেমন চলছে সরকারের কাজ? দল এবং সরকারের কাজে কতটা রয়েছে সমন্বয়?- এই সমস্ত কিছু পর্যালোচনা করতেই বৈঠকে বসেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্য ছিলেন এই বৈঠকে। উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সমন্বয় বৈঠকে বিশেষ জোর দেওয়া হয়েছে কলকাতা এবং হাওড়া পুরসভার ভোট পরিকল্পনার উপর।

এই বৈঠকে মূলত চার মাসের বেশি সময় সরকারের কাজ, প্রশাসনের ভূমিকা নিয়ে পর্যালোচনা হয়। সরকার-প্রশাসন এবং সংগঠনের মধ্যে সমন্বয় রক্ষা করাই মূল লক্ষ্য। জানা গিয়েছে, কোন ব্লুপ্রিন্টের ওপর চলবে বিজেপি, বৈঠকে তা পেশ করেন সুকান্ত মজুমদার। মতামত দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও।

পুরভোটে জোর-

সমন্বয় বৈঠকে বিশেষ জোর দেওয়া হয়েছে কলকাতা এবং হাওড়া পুরসভার ভোট পরিকল্পনার উপর। সূত্রের খবর, কালীপুজোর পরই পুরভোট হতে পারে। ২৭-২৮ নভেম্বর এই নির্বাচন হতে পারে। ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের ফল ঘোষণার সম্ভাবনা। শুধু কলকাতা ও হাওড়া নয়, একদিনে একসঙ্গে সাত পুরসভায় ভোট হবে। নভেম্বরে কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং পুরসভায় নির্বাচন হবে। মোট ৬৩০১ বুথে ভোটগ্রহণ। আগামী বছর ফেব্রুয়ারির দিকে বাকি পুরসভার ভোট হতে পারে।

বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর এটাই বিজেপি সরকারের কাছে প্রথম ভোট পরীক্ষা। সেই কারণে এই নির্বাচনে জয় নিশ্চিত করতে এবং সমস্ত পুরসভা নিজেদের দখল করতেই এখন থেকে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। সেই পরিকল্পনা যাতে কার্যকর হয়, তার উপরে জোর দেন নীতিন নবীনও।

ফিডব্যাক আরএসএসের-

বৈঠকে পশ্চিমবঙ্গ সম্পর্কে আরএসএসের ফিডব্যাক নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। আরএসএসের তরফে উপস্থিত ছিলেন জয়েন্ট জেনারেল সেক্রেটারি অরুণ কুমার। এছাড়াও গত চার মাসে রাজ্য সরকারের কাজ, গৃহীত সিদ্ধান্তও পর্যালোচনা করা হয়েছে বৈঠকে।

সরকার এবং দলের কাজের মধ্যে সমন্বয়ে যাতে থাকে সে বিষয়ে বার্তা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যকে। দল এবং সরকারের ভাবমূর্তি রক্ষায় দুই পক্ষকেই পারস্পরিক দায়িত্বশীল ভূমিকা পালন করার নির্দেশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us