
নয়া দিল্লি: উত্তর প্রদেশে রাজ্যসভার প্রার্থী তালিকায় ছিল না নাম। তারপরই জল্পনা তৈরি হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকে ঘিরে। তবে সব জল্পনায় জল ঢেলে তাঁকেই রাজ্যসভার টিকিট দিল বিজেপি। তবে উত্তর নয়, মধ্য প্রদেশ থেকে।
মধ্য প্রদেশের রাজ্যসভা উপ-নির্বাচনে বিজেপির তরফে প্রার্থী করা হল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীকে। কিছুদিন আগেই উত্তর প্রদেশ থেকে যখন রাজ্যসভার মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়, তখন হরদীপ সিং পুরীর নাম বাদ পড়েছিল। আগামী নভেম্বর মাসেই তাঁর সাংসদ পদের মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে উত্তর প্রদেশে মনোনয়ন না পাওয়ায় জোর জল্পনা শুরু হয়েছিল।
দীর্ঘদিন ধরে কেন্দ্রে ক্যাবিনেটে রদবদলের জল্পনা শোনা যাচ্ছে। যে মন্ত্রীদের মন্ত্রীত্ব পরিবর্তন বা সরিয়ে দেওয়ার জল্পনা, তাতে হরদীপ সিং পুরীর নামও শোনা গিয়েছিল। রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনে তাঁর মনোনয়নকে ঘিরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে জল্পনা আরও বাড়তে পারে।
উল্লেখ্য, মধ্য প্রদেশের বিজেপি নেতা এল মুরুগান রাজ্যসভা ও কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে গত ১৪ অক্টোবর ইস্তফা দেন। এরপরই এই আসন ফাঁকা হয়ে যায়। ২০৩০ সালে মুরুগানের পদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এই আসনে যিনি জয়ী হবেন, তিনিই বাকি মেয়াদ সাংসদ পদে থাকবেন। আগামী ১২ নভেম্বর এই রাজ্যসভা আসনে নির্বাচন। আগামী ২ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ।
গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের জায়গায়, ২০১৮ সালে উত্তর প্রদেশ থেকে হরদীপ সিং পুরী প্রথমবার রাজ্যসভায় নির্বাচিত হয়ে যান। আগামী ২৫ নভেম্বর তাঁর পদের মেয়াদ শেষ হচ্ছে।