
নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি। উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ। আগামী নভেম্বরে তাঁর সাংসদ পদের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু, সোমবার উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার নির্বাচনের জন্য যে আট প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, সেই তালিকায় তাঁর নাম নেই। তারপরই শুরু হয়েছে নতুন জল্পনা। তাহলে কি আর মোদীর মন্ত্রিসভায় দেখা যাবে না কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে?
আগামী ১৬ অক্টোবর পশ্চিমবঙ্গ ও উত্তরাখণ্ডের সঙ্গে উত্তর প্রদেশের ১০ আসনে রাজ্যসভার নির্বাচন। সেই নির্বাচনের জন্য এদিন আটজন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। সেই তালিকাতেই নাম নেই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর। তালিকায় জায়গা হয়নি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিএল বর্মা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিরও। বিজেপির ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রতিমন্ত্রী ধর্মপাল সিং, আইনজীবী রাধাকান্ত ওঝা, উত্তরপ্রদেশ বিজেপির ওবিসি মোর্চার সভাপতি প্রকাশ পাল, প্রাক্তন সাংসদ বিদ্যাসাগর সোনকর, গোপী কৃষ্ণ পাণ্ডে, প্রাক্তন সাংসদ প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাম প্রতাপ সিং চৌহান এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গঙ্গওয়ারের মেয়ে শ্রুতি গঙ্গওয়ার।
উত্তরপ্রদেশে সংখ্যাগরিষ্ঠতার অঙ্কে ১০টি রাজ্য়সভার আসনের মধ্যে বিজেপির সাতটি আসনে জয়ী হওয়া প্রায় নিশ্চিত। অষ্টম আসনটিও জয়ের জন্য চেষ্টা করছে গেরুয়া শিবির। সমাজবাদী পার্টি ইতিমধ্যেই দু’জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। সূত্রের খবর, আরও একজনকে প্রার্থী করতে পারে অখিলেশ যাদবের দল।
বুধবার সকাল সাড়ে ১১টায় লখনউয়ে আট বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দেবেন। সেই সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্য বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরী। এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে যোগী আদিত্যনাথ লেখেন, “আজ ঘোষিত সমস্ত প্রার্থীকে আন্তরিক অভিনন্দন।”
রাজনীতির কারবারিরা বলছেন, আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই প্রার্থী বাছাইয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ জাতি ও সম্প্রদায়ের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেছে বিজেপি। তালিকায় তিনজন ওবিসি, দু’জন তফসিলি জাতির প্রার্থী রয়েছেন। প্রার্থীদের মধ্যে দু’জন ব্রাহ্মণ এবং একজন রাজপুত সম্প্রদায়ের।
তবে আলোচনা শুরু হয়েছে তালিকায় হরদীপ সিং পুরীর নাম না থাকা নিয়ে। ২০২০ সালের নভেম্বরে উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি। নভেম্বরে তাঁর সাংসদ পদের মেয়াদ শেষ হচ্ছে। উত্তর প্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকায় তাঁর নাম থাকবে বলে অনেকে মনে করেছিলেন। এখন তাঁর নাম না থাকায়, গুঞ্জন শুরু হয়েছে। কেন তাঁর নাম নেই, সেই নিয়ে জল্পনা বাড়ছে। একইসঙ্গে প্রশ্ন উঠছে, মোদীর মন্ত্রিসভা থেকে কি সরছেন হরদীপ? কারণ, চলতি বছরে আর কোনও রাজ্যে রাজ্যসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।