
নয়া দিল্লি: ১৮তম ব্রিকস সামিটের আসর বসেছে রাজধানী দিল্লিতে। ভারতে এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা, মালয়শিয়া, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী সহ একাধিক রাষ্ট্রনেতারা। দিল্লির পাঁচতারা, সাততারা হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। দেশ-বিদেশের প্রতিনিধি থেকে শুরু করে একাধিক রাষ্ট্রনেতা, ভারতে ব্রিকস সামিটে যোগ দিতে এসে তারা কী খাবেন, জানেন? বাঙালির ঘরে খুব পরিচিত খাবারও পাতে পড়বে রাষ্ট্রনেতাদের।
জানা গিয়েছে, দিল্লির লাক্সারি হোটেলগুলি ব্রিকসের অতিথিদের জন্য বিশেষ বিশেষ পদ তৈরি করছে। লখনউয়ের বিখ্যাত গালৌটি কাবাব থেকে শুরু করে মিলেটের খাবার, পদ্ম, গোলাপ, কেশর ও এলাচ দিয়ে তৈরি খাবারও রয়েছে এই তালিকায়। এক একটি রাজ্যের বিশেষ পদও তুলে ধরা হচ্ছে।
যেমন নয়া দিল্লির তাজ মহল হোটেল দেশের ছয়টি অঞ্চলের বিশেষ বা জনপ্রিয় খাবার শোকেস করছে। তার মধ্যে কাশ্মীরের মশলা দেওয়া আখরোট যেমন রয়েছে, তেমনই পুরানি দিল্লি ময়দা কাজু, মহারাষ্ট্রের বাখারওয়াড়ি, রাজস্থানের মিনি কচুরি, তামিলনাড়ুর মুরুক্কু থাকছে। বাংলার বিখ্যাত কুচো নিমকিও থাকছে প্লেটে।
নয়া দিল্লির দ্য লীলা প্যালেসেও একাধিক বিশেষ পদ তৈরি করা হয়েছে। এর মধ্যে সবথেকে নজর কেড়েছে এডিবল হ্যান্ডক্রাফ্টেড পদ্ম। দেশের জাতীয় ফুল ও ব্রিকসের থিমকে মাথায় রেখেই হুবহু পদ্মের মতো দেখতে এবং সেই আকারের খাবার বানানো হয়েছে। এতে মেশানো রয়েছে গোলাপ, কেশর, এলাচ। বিভিন্ন ভারতীয় ফল মিশিয়ে এটি তৈরি হয়েছে। এছাড়াও মিলেট কুকিজ, হাতে তৈরি গ্রানোলা বার-ও রাখা হয়েছে বিদেশি অতিথিদের জন্য।
দ্য ললিত হোটেলে রাখা হয়েছে গালৌটি কাবাব, তন্দুর বেকড ব্রেড। রয়েছে মিলেটের একাধিক পদ। এছাড়া মিসো পেস্ট (এক ধরনের জাপানি মশলার পেস্ট) লাগানো বেগুন. চাইনিজ ক্যাবেজ, জাপানি স্টাইলে কিডনি বিন সুইট, যার সঙ্গে থাকবে অ্যাম্বার স্যস।