
নয়া দিল্লি: নবম-দশম শ্রেণির সিলেবাস থেকে পরীক্ষা- আগামী শিক্ষাবর্ষের নতুন পাঠ্যক্রম সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। ২৯ অক্টোবর প্রকাশিত এই নির্দেশিকায় কোন কোন বিষয় পড়তে হবে, দশম শ্রেণিতে কীভাবে পরীক্ষা হবে এবং পাশের জন্য কত নম্বর প্রয়োজন, তা স্পষ্ট করেছে বোর্ড। এই নিয়ম কার্যকর হবে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের দশম শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে উঠবে। তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের দশম শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে পুরনো নিয়মই বহাল থাকবে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, দশম শ্রেণির পাঠ্যক্রম থেকে বাদ যাচ্ছে পরিবেশবিদ্যা। পাশাপাশি, বৃত্তিমূলক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। পাঁচটি মূল বিষয়ে পাশের জন্য ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে পড়ুয়াদের। একই সঙ্গে ঐচ্ছিক দক্ষতাভিত্তিক বিষয় এবং অ্যাডভান্সড গণিত ও বিজ্ঞানের বিকল্পও রাখা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, পড়ুয়াদের মোট ন’টি বিষয় পড়তে হবে। এর মধ্যে রয়েছে তিনটি ভাষা, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, কলাশিক্ষা, শারীরশিক্ষা ও সুস্থতা এবং বৃত্তিমূলক শিক্ষা। এছাড়াও CBSE-র তালিকাভুক্ত ৫৭টি বিষয়ের মধ্যে থেকে একটি ঐচ্ছিক বিষয় বেছে নিতে পারবে পড়ুয়ারা। এই তালিকায় রয়েছে বিভিন্ন ভাষা, কম্পিউটার অ্যাপ্লিকেশন, হোম সায়েন্স, পেইন্টিং, সংগীত এবং ব্যবসা সংক্রান্ত বিষয়। তবে ঐচ্ছিক ভাষা বেছে নিলে তা আগে নির্বাচিত তিনটি ভাষার থেকে আলাদা হতে হবে।
পড়ুয়ারা চাইলে অ্যাডভান্সড গণিত, অ্যাডভান্সড বিজ্ঞান অথবা ২২টি বৃত্তিমূলক দক্ষতাভিত্তিক বিষয়ের মধ্যে থেকেও একটি বেছে নিতে পারবে। নির্বাচিত বিষয়ের ভিত্তিতে পরীক্ষা ও মূল্যায়নের পদ্ধতি নির্ধারিত হবে।
নতুন নিয়ম অনুযায়ী, পাঁচটি বাধ্যতামূলক বিষয়ে বোর্ডের পরীক্ষা দিতে হবে। সেগুলি হল R1, R2 (ভাষা) গণিত, বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান। অতিরিক্ত বিষয় বেছে নিলে সেই বিষয়ের ক্ষেত্রেও বোর্ডের পরীক্ষা দিতে হতে পারে।
অন্যদিকে, R3, কলাশিক্ষা এবং শারীরশিক্ষা ও সুস্থতার মূল্যায়ন হবে স্কুলের অভ্যন্তরীণ পদ্ধতিতে। কলাশিক্ষা ও শারীরশিক্ষার ক্ষেত্রে নম্বরের পরিবর্তে গ্রেড দেওয়া হবে।
পাঁচটি বাধ্যতামূলক বিষয়ে পাশ করতে হলে অভ্যন্তরীণ মূল্যায়ন এবং বোর্ডের পরীক্ষার নম্বর মিলিয়ে অন্তত ৩৩ শতাংশ পেতে হবে। অর্থাৎ, ৮০ নম্বরের বোর্ড পরীক্ষায় ২৪ এবং ২০ নম্বরের অভ্যন্তরীণ মূল্যায়নে ৯ পেলে মোট ১০০ নম্বরের মধ্যে ৩৩ হবে। সেক্ষেত্রে পাশের শর্ত পূরণ হবে।