
নয়া দিল্লি: আরও মানবিক কেন্দ্রীয় সরকার। বিশেষভাবে সক্ষমদের জন্ম থেকেই এবার সরকারি ভাতা দেবে সরকার। ১৮ বছরের নূন্যতম বয়সের সময়সীমা প্রত্যাহার করে নেওয়া হল। কেন্দ্রের তরফে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে এই ঘোষণা করা হল।
আগে নিয়ম ছিল, বিশেষভাবে সক্ষমরা ১৮ বছর পার করলে, তাদের সরকারের তরফে আর্থিক ভাতা দেওয়া হয়। এবার সেই সময়সীমা সম্পূর্ণ প্রত্য়াহার করে নেওয়া হল। জন্ম থেকেই সরকারি ভাতা দেওয়া হবে বিশেষভাবে সক্ষমদের। এমনকী, ৪০ শতাংশ প্রতিবন্ধকতা থাকলেই পাওয়া যাবে বিশেষভাবে ডিসেবিলিটি পেনশন (Disability pension)। আগে ৮০ শতাংশ প্রতিবন্ধকতা থাকলে, এই পেনশন বা আর্থিক সাহায্য পাওয়া যেত। এখন সেই সীমাও কমিয়ে দেওয়া হল।
আজ, বুধবারই জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির (National Social Assistance Programme) মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর অনুমোদন দেয় কেন্দ্রীয় ক্যাবিনেট। ৫৩,৪২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য। এই কর্মসূচি এবং এর অধীনস্থ অন্যান্য প্রকল্পগুলির নাম পরিবর্তনের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। দিব্যাঙ্গজনদের ভাতার পাশাপাশি প্রবীণ নাগরিক ও বিধবাদের জন্যও বিশেষ আর্থিক সুবিধা চালু রাখা হবে।
জন্ম থেকে ৭৯ বছর পর্যন্ত দিব্যাঙ্গজনদের পেনশন স্কিমের অধীনে মাসে ৩৭৫ টাকা দেওয়া হয়। ৮০ বছর ও তাঁর ঊর্ধ্বের ব্যক্তিদের মাসে ৬২৫ টাকা পেনশন দেওয়া হয়।
কেন্দ্রের এই ঘোষণায় ৩৬টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৩.২০ কোটি বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গজন উপকৃত হবেন।