
রায়পুর: পাওয়ার প্ল্য়ান্টে ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হল কমপক্ষে ১০ জন শ্রমিকের। আহত আরও ২৩ জন। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। মঙ্গলবার ভয়াবহ এই বিস্ফোরণ হয়েছে ছত্তীসগঢ়ের শক্তি জেলায়। এখনও বেশ কয়েকজন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গতকাল দুপুরে বেদান্ত লিমিটেড পাওয়ার প্ল্যান্টের বয়লারে বিস্ফোরণ হয়। পুড়ে যান ওই সময়ে ডিউটিতে থাকা কর্মীরা। ঝলসে কয়েকজনের ওখানেই মৃত্যু হয়। বিস্ফোরণের খবর পেতেই পুলিশ-প্রশাসন সঙ্গে সঙ্গে ছুটে আসে। শুরু হয় উদ্ধারকাজ। দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রেই খবর, পাওয়ার প্ল্যান্টের ভিতরে এখনও কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারে।
পাওয়ার প্ল্যান্টের তরফে মুখপাত্র বলেন, “আমরা আহতদের সবরকমের সহায়তার ব্যবস্থা করছি। স্থানীয় প্রশাসন ও মেডিক্যাল টিমের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। ”
দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই-ও এই ঘটনাকে অত্যন্ত হৃদয় বিদারক বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, জেলা প্রশাসন দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং ঝড়ের গতিতে উদ্ধারকাজ চালানো হচ্ছে। এই দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত করা এবং অপরাধীদের কড়া শাস্তি দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।