
মস্কো: প্রতিবেশীর ছদ্মবেশেই লুকিয়ে আছে বিপদ! তাই আরও সতর্ক হচ্ছে ভারত। আগে মাথাব্যথা ছিল চিন ও পাকিস্তানকে নিয়ে। তালিকায় নতুন সংযোজন হচ্ছে বাংলাদেশও। শত্রুদের কড়া জবাব দেওয়ার জন্য এমনিই শক্তিশালী ভারতের প্রতিরক্ষা ক্ষমতা। সেই শক্তিকে আরও বাড়াতে বড় চুক্তি স্বাক্ষর করতে চলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাশিয়া সফরে গিয়েছেন তিনি। আর সেখানেই আলোচনা হচ্ছে এই মেগা ডিল বা চুক্তি নিয়ে।
সূত্রের খবর, মস্কো ও নয়া দিল্লির মধ্যে প্রতিরক্ষা সামগ্রী নিয়ে ৪ বিলিয়ন ডলারের চুক্তির আলোচনা প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে, ভারতের হাতে আসতে চলেছে ‘ভরোনেজ়’ সিরিজের র্যাডার। রাশিয়ার আলমাজ়-অ্যান্টে কর্পোরেশন এই র্যাডার তৈরি করে।
ভরোনেজ় র্যাডার হল লং রেঞ্জের আর্লি ওয়ার্নিং সিস্টেম, যা ৮ হাজার কিলোমিটার পর্যন্ত নিরাপত্তা দিতে সক্ষম। এই রেঞ্জের মধ্যে কোনও ব্যালেস্টিক মিসাইল, ফাইটার জেট বা অন্য কোনও সামরিক যান ঢুকলেই তা ধরা পড়ে যাবে এবং সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সতর্কবার্তাও। একসঙ্গে ৫০০-রও বেশি বস্তুকে চিহ্নিত করতে পারে ভরোনেজ়। মস্কোর দাবি, স্টেলথ এয়ারক্রাফ্টও এই র্যাডারকে এড়াতে পারে না।
ভারত যদি এই র্যাডার কেনে, তাহলে চিন ও দক্ষিণ-মধ্য এশিয়া থেকে আসা যেকোনও বিপদের আঁচই আগেভাগে করে ফেলবে। রাশিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারত-রাশিয়ার মধ্যে এই চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। গত মাসেই ওই র্যাডার প্রস্তুতকারক সংস্থা ভারতে ঘুরে গিয়েছে। যদি চুক্তি চূড়ান্ত হয়, তবে কর্নাটকের চিত্রদুর্গে এই র্যাডার তৈরি করা হবে।