ভারতীয় মুসলিমদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে CAA? স্পষ্ট জবাব কেন্দ্রের

CAA: আইন পাশ হওয়ার ৪ বছর পর, সোমবারই কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করে। সিএএ কার্যকর হতেই নানা বিভ্রান্তিও ছড়িয়েছে। বিশেষ করে ভারতে বসবাসকারী মুসলিমদের কী হবে, তা নিয়ে সংশয়-গুজব রটতে শুরু করেছে। এবার সেই সংশয় দূর করতেই ময়দানে নামল কেন্দ্র।

ভারতীয় মুসলিমদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে CAA? স্পষ্ট জবাব কেন্দ্রের
CAA-তে মুসলিমদের অধিকার খর্ব হবে?Image Credit source: TV9 বাংলা

|

Mar 13, 2024 | 7:14 AM

নয়া দিল্লি: অবশেষে দেশে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act) বা সিএএ (CAA)। পড়শি দেশ থেকে আসা  নাগরিকদের ভারতের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তবে সিএএ কার্যকর হতেই নানা বিভ্রান্তিও ছড়িয়েছে। বিশেষ করে ভারতে বসবাসকারী মুসলিমদের কী হবে, তা নিয়ে সংশয়-গুজব রটতে শুরু করেছে। এবার সেই সংশয় দূর করতেই ময়দানে নামল কেন্দ্র। সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-তে ভারতীয় মুসলিমদের স্বাধীনতা খর্ব করা হয়নি। তাদের কোনও সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত করা হবে না। একইসঙ্গে জানানো হয়েছে, শুধু বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানই নয়, বিশ্বের যে কোনও প্রান্তের মুসলিমরাই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে।

মঙ্গলবারই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, নাগরিকত্ব আইনের ৬ নম্বর ধারার অধীনে বিশ্বের যেকোনও প্রান্তের মুসলিমরাই ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারেন।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সিএএ-তে ভারতীয় মুসলিমদের স্বাধীনতা খর্ব করা হয়নি। তাদের কোনও সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত করা হবে না।

প্রসঙ্গত, আইন পাশ হওয়ার ৪ বছর পর, সোমবারই কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করে। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যারা ভারতে এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। বিদেশ থেকে আগত অ-মুসলিম নাগরিকদের ক্ষেত্রে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদনের সময়সীমাও ১১ বছর থেকে কমিয়ে ৫ বছর করা হয়েছে।

তবে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত ধর্মীয় সংখ্যালঘুরা, যেমন হিন্দু, বৌদ্ধ, জৈনরাই কেবল নাগরিকত্বের আবেদন করতে পারবেন, এমন নয়। উৎখাত হয়ে ভারতে আসা মুসলিমরাও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সিএএ চালু হওয়ায় দেশের ১৮ কোটি মুসলিমের উপরেও কোনও প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

Follow Us