
নয়া দিল্লি: নিট প্রশ্নপত্র ফাঁসে আন্দোলনকারীদের সবথেকে বড় দাবি পূরণ হল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তাঁর ইস্তফার দাবিতে বিগত এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছে ককরোচ জনতা পার্টি (CJP)। যে পার্টির জন্ম হয়েছে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কটাক্ষ থেকে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই মুখ খুলল ককরোচ জনতা পার্টি। সিজেপির প্রধান অভিজিৎ দিপকে (Abhijit Dipke) বললেন, “গণতন্ত্রকে ভয় পেয়ো না।”
এ দিন ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, “আমরা সত্যি করে দেখালাম। কী বলত এরা? এই সরকারে ইস্তফা দেওয়া হয় না। আমরা বলি, ঝুকতি হ্যায় দুনিয়া, ঝুকানে ওয়ালা চাহিয়ে। এই জয় সেই সকল বাচ্চাদের জন্য, যাদের প্রাণ কেড়েছে ধর্মেন্দ্র প্রধান। আজ এরা ন্যায় পেল।”
অভিজিৎ দিপকে আরও বলেন, “ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা তো হয়ে গেল। এই ইস্তফা প্রমাণ যে যদি আপনারা ভয় না পান, এই সরকারের সামনে মাথা নত না করেন, তাহলে আরও বড় বড় নেতারা পদত্যাগ করতে পারে। তাই ভয় পাবেন না। গণতন্ত্র এটা। যদি গণতন্ত্রে বলার সুযোগ না থাকলে, তাহলে সেটা কীসের গণতন্ত্র? ডরনা নেহি হ্যায়। যদি নিজের আওয়াজ তোলেন, তবেই এরা লাইনে থাকবে। আর এদের লাইনে রাখা দরকার। কারণ আজ এরা নিজেদের বাদশা ভেবে বসে আছে, এরা কিন্তু আমাদের জন্যই বসে আছে।”
ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেও, এখনই আন্দোলন থেকে সরছেন না ‘ককরোচ’রা। অভিজিৎ দিপকে বলেন, “আমাদের আরও দুটি দাবি আছে। যে পড়ুয়ারা আত্মহত্যা করেছে, তাদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং ২০ জুলাই যে পুলিশরা ছাত্রদের মারধর করেছিল, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। ২০ জুলাই ও তার পরে পডুয়াদের বিরুদ্ধে যে কেস করা হয়েছে, সব প্রত্যহার করতে হবে।”