
বেঙ্গালুরু: কলেজের ভিতরেই ভিন ধর্মের এক যুবকের হাতে খুন কংগ্রেস কাউন্সিলরের মেয়ে। কর্নাটকের কলেজের ভিতরে এই হত্যাকাণ্ড সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। এবার মেয়ের খুন নিয়ে মুখ খুললেন কংগ্রেস কাউন্সিলর। নিরঞ্জন হিরেমথ নামক ওই নেতা সরাসরি নিজের দলকেই দোষারোপ করলেন।
কর্নাটকের হুবলি-দ্বারওয়াদ পুরসভার কাউন্সিলর নিরঞ্জন হিরেমথ রবিবার সংবাদসংস্থা এএনআই-কে বলেন, “আমি প্রকাশ্যে ৮ জনের নাম বলেছি। এখনও অবধি একজনকেও ধরা হয়নি। আমি আস্তে আস্তে বিশ্বাস হারাচ্ছি। ওরা আমার মামলাটা ঘুরিয়ে দিতে চাইছে। যদি আপনারা তদন্ত করতে না পারেন, তবে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিন..”।
তিনি আরও বলেন, “এই মামলার কমিশনারও একজন মহিলা, তারপরও তিনি আমার মেয়ের হত্য়াকাণ্ডকে গুরুত্ব দিচ্ছেন না…ওঁকে চাপের মধ্য়ে কাজ করতে হচ্ছে। আমি কমিশনারকে এই মামলা থেকে বদলি করার দাবি জানাচ্ছি। সিবিআই-কে তদন্তভার দেওয়া হোক।”
প্রসঙ্গত, গত সপ্তাহের বৃহস্পতিবার, ১৮ এপ্রিল কর্নাটকের হুবলিতে একটি বেসরকারি কলেজের ভিতরেই কুপিয়ে খুন করা হয় নেহা হিরেমথ (২৩) নামক এক যুবতীকে। অভিযোগ, নেহার সহপাঠী, ফায়াজ নামক এক যুবক তাঁর প্রেমের প্রস্তাব খারিজ করাতেই প্রতিহিংসার বশে খুন করে। কলেজের ভিতরেই প্রকাশ্য়ে খুন করা হয় নেহাকে।
মেয়ের মৃত্যুতে লভ জিহাদের তত্ত্ব তুলে ধরেছিলেন কাউন্সিলর নিরঞ্জন হিরেমথ। তাঁর এই দাবি ঘিরে বিতর্কও তৈরি হয়। যদিও মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই দাবি উড়িয়ে দিয়ে বলেছিলেন যে যুবতীর সঙ্গে অভিযুক্তের প্রেমের সম্পর্ক ছিল। সেখান থেকেই খুন।
গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও দেখা করতে যান নিরঞ্জন হিরেমথের সঙ্গে। তাঁকে ও তাঁর পরিবারকে সান্তনা দেন। বাড়ি থেকে বেরিয়ে কংগ্রেস সরকারের তীব্র নিন্দাও করেন।